Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানের বিপক্ষে হারের ব্যাখ্যা দিলেন ভারতীয় অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে হারের ব্যাখ্যা দিলেন ভারতীয় অধিনায়ক

খেলা ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭

৩১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল ভারত ‘এ’ দল। অভিষেক শর্মার ৭০ ও তিলক ভার্মার সেঞ্চুরিতে লড়াইয়ে ছিল দলটি। কিন্তু শেষ দিকে ব্যাটিংয়ে ভাঙন ধরায় আর পেরে ওঠেনি তারা। পাকিস্তান শাহিনসের কাছে ৪৮ রানে হেরেছে ভারত। ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক তিলক।

তিলক বলেন, ‘অভিষেক যেভাবে খেলা শুরু করেছিল, যেভাবে আমার সঙ্গে শাহবাজ জুটি গড়েছিল, সেটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন রানের গতি বাড়াতে চাইছিলাম, তখন শাহবাজ আউট হলো। নয়তো আমরা যদি আরও দুই ওভার বা আরেকটু বেশি থাকতে পারতাম, আমিই ম্যাচটা শেষ করে দিয়ে আসতাম।’

এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ ম্যাচে আগে ব্যাট করে ৩১৩ রান তোলে পাকিস্তান। মাজ সাদাকাত করেন ৫৯ এবং ফারহান ইউসুফ ৫৬ রান। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ৭৯ রান। জবাবে ভারতের হয়ে অভিষেক ৭০ ও তিলক করেন ১০০ রান। তবে ১২৯ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

সেখান থেকে শাহবাজ আহমেদকে নিয়ে সপ্তম উইকেটে ১১২ রানের জুটি গড়েন তিলক। ৪৯ বলে ৫৬ রান করেন শাহবাজ। কিন্তু ২৪১ রানে এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ২৬৫ রানেই গুটিয়ে যায় দলটি। তাতে ৪৮ রানের হার নিয়ে ফিরতে হয় তাদের। নিকট অতীতে এটাই পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার।

ভারতের বিপক্ষে ব্যাট ও বল দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাসান নওয়াজ। ব্যাট হাতে ৮২ বলে ৭৮ রানের পর বল হাতে ৪৫ রান দিয়ে নেন তিন উইকেট। আলী রাজাও শিকার করেন তিন উইকেট। নওয়াজের অলরাউন্ড পারফরম্যান্সেই শেষ পর্যন্ত বড় জয় তুলে নেয় পাকিস্তান শাহিনস।