Advertisement
Us Bangla Airlines
‘ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক’, কেন বললেন বাংলাদেশি কোচ?

‘ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক’, কেন বললেন বাংলাদেশি কোচ?

খেলা ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮

সেঞ্চুরিয়নে প্রথম দিনেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। বৃষ্টিভেজা দিনে মাত্র ৯১ রানে গুটিয়ে গেছে টাইগারদের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেটে ৮৮ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের লিড নিতে প্রয়োজন আর মাত্র ৪ রান।

বাংলাদেশের এমন শোচনীয় ব্যাটিংয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভুল সিদ্ধান্তের কথাই সামনে এনেছেন সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা। দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের জন্য অনেক হতাশাজনক দিন ছিল। স্কোরকার্ড দেখলেই বোঝা যাচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক, কিছু সফট ডিসমিসাল ছিল। এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না।’

বাংলাদেশের ইনিংসে দুই অঙ্কের রান পেয়েছেন মাত্র তিনজন। মাহফিজুল ইসলাম রবিনের ২৩ রানই সর্বোচ্চ। মুমিনুল হক করেছেন ১৮। এমন ব্যাটিংয়ের পর হতাশা থাকলেও প্রথম টেস্টের ভালো পারফরম্যান্স থেকে ঘুরে দাঁড়ানোর আশা করছেন কোচ।

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১১তম ওভারে খালেদ আহমেদের বলে জুবায়ের হামজার ক্যাচ ছাড়েন তাওহীদ হৃদয়। অথচ ক্যাচটি নিতে পারলে দিনের চিত্র কিছুটা হলেও বদলাতে পারত।

হৃদয়ের জন্য দিনটি ছিল আরও হতাশার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ২৪২ ও ৮২ রানের ইনিংস খেলা এই ব্যাটার জোহানেসবার্গেও পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। কিন্তু সেঞ্চুরিয়নে ৪২ বলে ১৯ রান করে ফিরেছেন। পরে গুরুত্বপূর্ণ ক্যাচও ফেলেছেন তিনি।

হৃদয়ের ফিল্ডিং নিয়ে মাকেতা বলেন, ‘সে (হৃদয়) ভালোভাবেই ব্যাট করে যাচ্ছিল। আমার মনে হয়, ব্যাটিংটা যে ভালো হয়নি, এটা তার মাথায় ঘুরছিল। বাকি ব্যাটাররাও মনে হয় ব্যাটিংয়ের দুর্দশা নিয়েই চিন্তা করছিল। ব্যাপারটা হতাশাজনক। তবে আশা করছি সবাই ঘুরে দাঁড়াবে।’