Advertisement
Us Bangla Airlines
ব্যাটের মাপ যাচাইয়ে নতুন নিয়ম চালু করছে আইসিসি

ব্যাটের মাপ যাচাইয়ে নতুন নিয়ম চালু করছে আইসিসি

খেলা ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ২০:১৬

ব্যাটসম্যানদের বড় শট খেলার সুবিধা কমাতে ব্যাটের মাপ যাচাইয়ে কঠোর হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে ম্যাচের আগে যেকোনো সময় নির্দিষ্ট গেজের সাহায্যে খেলোয়াড়দের ব্যাট পরীক্ষা করতে পারবেন ম্যাচ কর্মকর্তারা। নির্ধারিত মাপের বাইরে থাকা ব্যাট ব্যবহারের সুযোগ বন্ধ করতেই এই উদ্যোগ।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাটের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ও গভীরতা অনুমোদিত সীমার মধ্যে আছে কি না, তা যাচাই করা হবে বিশেষ গেজ দিয়ে। গত বছর আইপিএলে প্রথমবারের মতো চালু হয়েছিল এই পদ্ধতি। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও তা কার্যকর করতে যাচ্ছে আইসিসি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটির অন্যতম সুপারিশ ছিল এটি। সম্প্রতি বালিতে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে প্রধান নির্বাহীদের কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে। আম্পায়ারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর নতুন নিয়ম কার্যকর হবে।

বর্তমানে এমসিসির ক্রিকেট আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী, ব্যাটের প্রান্তের পুরুত্ব সর্বোচ্চ ১.৫৬ ইঞ্চি, গভীরতা ২.৬৪ ইঞ্চি এবং প্রস্থ ৪.২৫ ইঞ্চি হতে পারে। এই সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যাট ব্যবহারের অনুমতি মিলবে না।

টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার সংখ্যা বাড়তে থাকায় ব্যাটের আকার নিয়েও আলোচনা জোরালো হয়েছে। আইপিএলে চলতি বছর প্রতি ম্যাচে গড়ে ১৯.২৭টি ছক্কা হয়েছে। অথচ ২০০৮ সালে প্রথম আসরে এই সংখ্যা ছিল ৮.৮৮। পাওয়ার হিটিংয়ের উন্নতির পাশাপাশি ব্যাটের বাড়তি আকারও ছক্কার সংখ্যা বাড়াতে ভূমিকা রাখছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আইপিএলে গেজ পদ্ধতি চালুর পর বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যাট নির্ধারিত মাপের সঙ্গে মেলেনি। সুনীল নারাইন, রবীন্দ্র জাদেজা ও রিয়ান পরাগের মতো ক্রিকেটারদের ব্যাট পরিবর্তন করতে হয়েছিল। আগে সব ব্যাট পরীক্ষা করা সম্ভব না হওয়ায় অনিয়মের সুযোগ থাকত। নতুন নিয়মে সেই সুযোগ কমবে বলে আশা করছে আইসিসি।