টি-টোয়েন্টি সিরিজেও নাহিদের থাকা নিয়ে শঙ্কা!
খেলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৯:৪৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি নাহিদ রানার। চোট কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছেন। তবে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাই ওয়ানডে সিরিজে তাকে বাইরে রেখেই দল ঘোষণা করা হয়েছে।
কেবল ওয়ানডে নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, নাহিদকে দ্রুত মাঠে ফেরানোর পক্ষে নয় টিম ম্যানেজমেন্ট। এমনকি তাকে টি-টোয়েন্টি সিরিজেও চাচ্ছে না টিম ম্যানেজমেন্টের কিছু সদস্য।
দলের নির্বাচক প্যানেলের এক সদস্য বলেন, ‘আমরা নাহিদকে তাড়াহুড়ো করে ফেরাতে চাই না। আমরা জানি, সে আমাদের অন্যতম সেরা বোলার। তার কাছ থেকে কীভাবে সেরাটা পাওয়া যায়, সেটি বুঝতে হবে। চোট থেকে ফিরছে সে। তাই এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই। প্রস্তুতির জন্য তাকে যথেষ্ট সময় দিতে চাই।’
নাহিদের টি-টোয়েন্টি সিরিজে খেলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। ক্রিকবাজ জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। তবে দলের একটি অংশ মনে করছে, টি-টোয়েন্টিতে তাকে ফেরানোর তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। বরং পুরোপুরি ফিট করে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুত করা উচিত।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করবেন লিটন কুমার দাস। তার নেতৃত্বে ঘোষিত দলে ফিরেছেন নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। গুঞ্জন থাকলেও এ সিরিজে নাহিদকে রাখা হয়নি।
এমআই