দ্রুততম ফিফটি, সেঞ্চুরি, দেড়শ, দুইশ সব বৈভবের দখলে
খেলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৮:২৫
লাইভ ম্যাচ নয়, এ যেন ম্যাচ হাইলাইটস। আরব আমিরাতের বোলাররা দুঃস্বপ্নেও এমন চার-ছক্কার হাইলাইটস দেখতে পারেন। ম্যাচকে হাইলাইটস বানানোর কারিগর বৈভব সূর্যবংশী। বাঁহাতি এই ওপেনার কেমন ব্যাটিং করেন, তা আর বলতে হবে না। তবে আজ যা করলেন, তা কস্মিনকালেও কোনো ক্রিকেটার করেননি।
রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছিল আরব আমিরাত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ বলেই ২০৪ রান করেছেন বৈভব সূর্যবংশী। অর্থাৎ ম্যাচের ৮০ শতাংশ রানই এসেছে তার ব্যাট থেকে। অবিশ্বাস্য এই ইনিংস সাজাতে হাঁকিয়েছেন ৭ চার ও ২৮ ছক্কা। ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড।
আমিরাতের বিপক্ষে মাত্র ১৬ বলেই ফিফটি করেন বৈভব সূর্যবংশী। চলতি বছরে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ১২ বলে ফিফটি হাঁকিয়েছেন তিনি। ফলে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির রেকর্ডটা এখন তার দখলে। আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ২৮ বলে, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম শতক।
এর আগে ২০২৩ সালে অজি ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ঘরোয়া লিগে ২৯ বলে শতক হাঁকিয়েছেন। ৪০ বলে দেড়শ করে অতীতের ইতিহাস ছাড়িয়েছেন বৈভব। আগের রেকর্ডটিও তার। গেল বছর অরুণাচলের বিপক্ষে ৫৯ বলে দেড়শর মাইলফলক ছুঁয়েছেন। তবে ডাবল সেঞ্চুরিতে হয়তো অধরা কাজটি সেরে ফেললেন।
আমিরাতের বিপক্ষে মাত্র ৫২ বলেই ডাবল সেঞ্চুরি করেন বৈভব সূর্যবংশী। এত কম বলে দ্বিশতক করা যেন কল্পনার বাইরে। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোসের দখলে। ১০৩ বলে ২০০ করে ইতিহাসের পাতায় ছিলেন তিনি। বিপরীতে বৈভব তার অর্ধেক বলেই করলেন ২০০!