হঠাৎ বাংলাদেশ দলে তিন পরিবর্তন, কারা এলেন কারা বাদ?
খেলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩
এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে ওঠার পর বাংলাদেশ ‘এ’ দলে এসেছে তিন পরিবর্তন। জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়ায় পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরীকে হারাচ্ছে দল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও।
‘এ’ দল ছাড়া এই তিন ক্রিকেটার জায়গায় দলে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও এস এম মেহেরব। জাতীয় দলে সুযোগ পাওয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আর খেলা হচ্ছে না ইমন ও ইয়াসিরের। তাদের পরিবর্তে ব্যাটিং বিভাগে জায়গা পেয়েছেন জয় ও অঙ্কন।
অন্যদিকে গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত সাইফউদ্দিনকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না দল। ফলে টুর্নামেন্টের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। তার বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে এস এম মেহেরবকে। তিন পরিবর্তনে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং ও বোলিং বিভাগে যুক্ত হলো নতুন মুখ।
আগামী ২৭ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নামবে বাংলাদেশ দল। টাইগারদের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ পর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। এর মধ্যে দলের দুই ইনফর্ম ব্যাটারকে জাতীয় দলের জন্য হারিয়ে বিপাকে আছে বাংলাদেশও।
এমআই