অফ স্টাম্পের বাইরে যেন তানজিদের অদৃশ্য ফাঁদ
খেলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৭:৫২
টেকনিকের মাপকাঠিতে খুব একটা পিছিয়ে নেই তানজিদ তামিম। ড্রাইভ ও কাট শটে বেশ স্বচ্ছন্দ তিনি। বাউন্ডারি আদায়েও এই দুই শট তার বড় অস্ত্র। কিন্তু টেস্ট ক্রিকেটে সেটাই যেন কাল হয়ে দাঁড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ইনিংসেই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন। আউট হওয়ার ধরনগুলো এক না হলেও ভুলের জায়গায় মিল আছে।
সীমিত ওভারের ক্রিকেটে তানজিদের শক্তির জায়গা তার আক্রমণাত্মক ব্যাটিং। ড্রাইভ ও কাট শটে নিয়মিত রান করেন তিনি। কিন্তু টেস্টে সব বল খেলার প্রয়োজন নেই। বিশেষ করে অফ স্টাম্পের বাইরে ভালো লেন্থের বলে সংযম দেখানো জরুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ইনিংসেই এই জায়গায় সিদ্ধান্ত নিতে ভুল করেছেন বাঁহাতি ওপেনার।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে অবশ্য ৬৭ রানের ইনিংস খেলেছিলেন তানজিদ। হৃদয়ের সঙ্গে গড়েছিলেন ৯৯ রানের জুটি। কিন্তু ৩৫তম ওভারে কাগিসো রাবাদার বলে বোল্ড হন তিনি। অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরের দিকে আসা বলে ব্যাট চালাতে গিয়ে ভেতরের কানায় লাগে বল। ভেঙে যায় স্টাম্প।
পরের ইনিংসে ভুলের পুনরাবৃত্তি। এবার বোলার মার্কো ইয়ানসেন। ব্যাক অব লেন্থ থেকে ওঠা বলে শরীর থেকে দূরে ব্যাট চালান তানজিদ। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে। ২১ বল খেলে করেন মাত্র ৪ রান। কিন্তু ভুল শট খেলার ধরণটা আগের মতোই।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও বদলায়নি দৃশ্যপট। ইনিংসের দ্বিতীয় ওভারেই ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের লেন্থ বলে ব্যাট চালান তানজিদ। এবারও বাইরের কানায় লেগে বল যায় প্রথম স্লিপে। উইয়ান মুল্ডার ক্যাচ নিতে ভুল করেননি। ৯ বলে ৩ রানেই শেষ হয় তানজিদের ইনিংস।
তিনবারের আউট বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিপক্ষ বোলারদের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বারবার বিপদে পড়েছেন তিনি। প্রথমবার ভেতরের কানায় বোল্ড, পরের দুবার বাইরের কানায় ক্যাচ। অর্থাৎ শুধু শট নির্বাচনে নয়, বলের লাইন ও নিজের ব্যাটের নিয়ন্ত্রণ করতে পারছেন না এই বাঁহাতি ব্যাটার।
অথচ তানজিদের সামর্থ্যের প্রমাণ রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন, বাউন্সি উইকেটেও ভালো ব্যাটিংয়ের অভিজ্ঞতা আছে তার। কিন্তু টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি কোন বল খেলতে হবে আর কোনটি ছেড়ে দিতে হবে, সেই বাছাইও গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা সিরিজে সেই সংযমের অভাবেই উইকেট হারিয়েছেন তানজিদ।
এমআই