Advertisement
Us Bangla Airlines
ফুলহামের বর্ষসেরা খেলোয়াড় হলেন বাংলাদেশের স্ট্রাইকার

ফুলহামের বর্ষসেরা খেলোয়াড় হলেন বাংলাদেশের স্ট্রাইকার

খেলা ডেস্ক

০৯ অক্টোবর ২০২৬, ১৯:৩৮

বাংলাদেশের জার্সিতে অভিষেক, দ্বিতীয় ম্যাচেই গোল। এবার ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমির বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। স্বপ্নের মতো সময় পার করছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ স্ট্রাইকার ফারহান আলী ওয়াহিদ। মাত্র ১৯ বছর বয়সেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন ইংলিশ ফুটবলে। এবার সতীর্থ ও কোচিং স্টাফদের ভোটে জিতেছেন ক্লাবের মর্যাদাপূর্ণ ‘জনি হেইনেস ট্রফি’।

বৃহস্পতিবার রাতে ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় হিসেবে ফারহানের নাম ঘোষণা করে ফুলহাম। ২০১৯ সাল থেকে ক্লাবের কিংবদন্তি ফুটবলার জনি হেইনেসের নামে এই পুরস্কার দিয়ে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান ফুটবলারদের মধ্যে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটে নির্বাচিত হন বিজয়ী। এবার সেই স্বীকৃতি উঠেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ফারহানের হাতে।

পুরস্কার জিতে উচ্ছ্বাস লুকাননি তরুণ এই স্ট্রাইকার। ফুলহামের ওয়েবসাইটে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘সতীর্থদের কাছ থেকে ভোট পাওয়া তাঁর জন্য দারুণ তৃপ্তির। তাঁদের সমর্থন, অনুপ্রেরণা ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশই তাঁকে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যাঁরা এই ট্রফি জিতেছেন, তাঁদের নামের পাশে নিজের নাম দেখতে পাওয়া আমার জন্য বিশেষ অর্জন।’

ক্লাব ফুটবলের এই স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশের জার্সিতেও নিজের গল্পটা দারুণভাবে শুরু করেছেন তিনি। গত মাসে ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ফারহানের। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করে নজর কাড়েন এই তরুণ। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে পাওয়া সেই গোল তাঁর ও পরিবারের জন্য ছিল গর্বের মুহূর্ত।

জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি জানাতে গিয়ে ফারহান বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তাঁর জন্য অসাধারণ অভিজ্ঞতা। পরিবারের জন্যও এটি ছিল গর্বের উপলক্ষ। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করার স্মৃতি এবং গ্যালারিভর্তি দর্শকের উচ্ছ্বাস তাঁর অভিষেককে আরও বিশেষ করে তুলেছে।