Advertisement
Us Bangla Airlines
ক্যারিবিয়ান তারকাকে প্রধান কোচ বানাল মুম্বাই

ক্যারিবিয়ান তারকাকে প্রধান কোচ বানাল মুম্বাই

খেলা ডেস্ক

২৪ অক্টোবর ২০২৬, ১২:০৩

আইপিএলের নতুন মৌসুম সামনে রেখে কাইরন পোলার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ক্যারিবীয়ান এই তারকা এর আগে টানা চার মৌসুম ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। এবার মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়ে প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।

গত সপ্তাহের শেষ দিকে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে সম্পর্কের ইতি টানেন জয়াবর্ধনে। তার বিদায়ের পর নতুন কোচ হিসেবে পোলার্ডের নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজিটি।

মুম্বাইয়ের সঙ্গে পোলার্ডের সম্পর্ক ২০১০ সাল থেকে। খেলোয়াড় হিসেবে যোগ দেওয়ার পর দলটির হয়ে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন তিনি। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বাইয়ের শিরোপা জয়ের সময় দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার। এছাড়া ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি জয়ের কৃতিত্বও রয়েছে তার।

আইপিএলে মুম্বাইয়ের হয়ে ১৮৯ ম্যাচ খেলেছেন পোলার্ড। ১৪৭.৩২ স্ট্রাইক রেটে করেছেন ৩৪১২ রান, পাশাপাশি নিয়েছেন ৬৯ উইকেট। ২০২২ মৌসুমে সর্বশেষ খেলোয়াড় হিসেবে আইপিএলে মাঠে নামেন তিনি। এরপর ২০২৩ মৌসুমের আগে খেলোয়াড়ি অধ্যায় শেষ করে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন।

প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। এই দল আমার জীবন ও ক্যারিয়ারের বিশাল অংশ। দল, খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক মূল্যবান।’

মুম্বাইয়ের মালিকপক্ষের প্রতিনিধি নীতা আম্বানি বলেন, ‘পলি জানে মুম্বাইয়ের জার্সি পরার অর্থ কী এবং এই দলের হয়ে খেলতে কী প্রয়োজন। আমার বিশ্বাস, নতুন দায়িত্বেও সে একই নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে কাজ করবে।’

এমআই