Advertisement
Us Bangla Airlines
শেষ ১৭ বলে ৪৬ করে ম্যাচ জিতল ভারত

শেষ ১৭ বলে ৪৬ করে ম্যাচ জিতল ভারত

খেলা ডেস্ক

২৪ অক্টোবর ২০২৬, ১৭:১৯

শেষ তিন ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪৬ রান। হাতে মাত্র চার উইকেট। এমন কঠিন সমীকরণেও হাল ছাড়েননি তিলক বর্মা। তার ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ১৭ বলে ৪৬ রান তুলে নিউজিল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারত। ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১২ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেখান থেকে নীতিশকে নিয়ে সপ্তম উইকেটে মাত্র ২৭ বলে অবিচ্ছিন্ন ৬৯ রান যোগ করেন তিলক। তাদের ব্যাটেই এক বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে সফরকারীরা।

রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল ভারত। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে দলটি। কিন্তু মাঝের ওভারগুলোতে দৃশ্যপট বদলে যায়। পরের ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ১৫ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১৩ রান।

আগের ম্যাচে ১৫ বলে অপরাজিত ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন নমন ধীর। এবার অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তার বিদায়ের পর ভারতের সামনে কঠিন হয়ে পড়ে জয়ের পথ। তখনই ব্যাট হাতে দায়িত্ব নেন তিলক।

নিউজিল্যান্ডের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে দ্রুত বদলে দেন ম্যাচের চিত্র। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো তার ২৬ বলের ইনিংসটি ভারতকে এনে দেয় স্মরণীয় জয়। অন্য প্রান্তে নীতিশ ১৩ বলে অপরাজিত ২৬ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রান তাড়ায় ভারতের হয়ে সপ্তম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

এর আগে বল হাতে ভারতকে চাপে ফেলেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তার নিয়ন্ত্রিত বোলিংয়েই মাঝের ওভারগুলোতে পথ হারায় ভারত। তবে জ্যাকব ডাফি ও জশ স্মিথের ওপর ঝড় বইয়েছেন তিলক-নিতিশ। তাতেই পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।