পাকিস্তানের সব পেসারকে ছাড়িয়ে গেলেন শাহিন আফ্রিদি
খেলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ২০:০১
ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের বড় পরীক্ষা নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তবে এর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে ৮০ ম্যাচে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি পেসার। পাকিস্তানি পেসারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
পাকিস্তানের সাবেক দুই গতিতারকা ওয়াকার ইউনিস ও শোয়েব আখতার ওয়ানডেতে ১৫০ উইকেট নিতে খেলেছিলেন ৯১টি ম্যাচ। এবার তাদের পেছনে ফেললেন শাহিন। পাকিস্তানের হয়ে দ্রুততম এই মাইলফলকে পৌঁছানোর পথে নিজের ধারাবাহিকতারও প্রমাণ দিয়েছেন তিনি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও শাহিনের পারফরম্যান্স নজরকাড়া। এই মাঠে মাত্র ছয় ম্যাচেই ১৬টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। ঘরের মাঠে তাঁর এমন পারফরম্যান্স দলের জন্যও বড় প্রাপ্তি।
শাহিনের নেতৃত্বে পাকিস্তান এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে জিতেছে ৯টিতে। অধিনায়কত্বের পাশাপাশি বল হাতেও দলের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন তিনি। ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করে পাকিস্তানের পেস আক্রমণে নিজের গুরুত্ব আরও একবার তুলে ধরলেন এই তারকা।
তবে ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার সামগ্রিক রেকর্ডের ক্ষেত্রে স্পিনার সাকলাইন মুশতাক এখনো এগিয়ে। তিনি এই মাইলফলকে পৌঁছেছিলেন মাত্র ৭৮ ম্যাচে। দেড়শ উইকেট শিকার করতে সাকলাইনের তুলনায় শাহিন খেলেছেন দুই ম্যাচ বেশি।
এমআই