Advertisement
Us Bangla Airlines
মেসি কাপের দ্বিতীয় আসর শুরু, প্রথম দিনেই বোকা জুনিয়র্সের বড় জয়

মেসি কাপের দ্বিতীয় আসর শুরু, প্রথম দিনেই বোকা জুনিয়র্সের বড় জয়

খেলা ডেস্ক

২৬ অক্টোবর ২০২৬, ১৮:২১

মায়ামিতে পর্দা উঠেছে মেসি কাপের দ্বিতীয় আসরের। প্রথম দিনেই ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে বোকা জুনিয়র্স।

লিওনেল মেসির হাত ধরেই শুরু হলো মেসি কাপের দ্বিতীয় আসর। যুক্তরাষ্ট্রের মায়ামিতে রোববার শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৯টি দেশের ১৬টি ক্লাব। প্রথম আসরের তুলনায় এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তিনটি মহাদেশের ক্লাবগুলোর অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতাটি চলবে আট দিন।

মায়ামির ইন্টার মায়ামি সিএফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। এতে অংশ নেয় প্রতিযোগিতায় খেলতে আসা ১৬টি দলের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণ ফুটবলারদের উৎসাহ দেন মেসি।

তরুণ ফুটবলারদের উদ্দেশে আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘আমি আশা করি, তারা ফলাফলের বাইরে গিয়ে টুর্নামেন্টটি উপভোগ করবে। প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবে, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবে এবং ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানবে।’

তরুণদের স্মৃতিতে এই প্রতিযোগিতা দীর্ঘদিন থেকে যাবে, এমন প্রত্যাশাও জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার আশা, ভবিষ্যতে যে যার জীবনেই এগিয়ে যাক না কেন, এই টুর্নামেন্টের স্মৃতি তাদের মনে অমলিন থাকবে।

মেসি কাপের প্রথম দিনে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। ম্যাচে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনটি গোল করে আর্জেন্টাইন ক্লাবটি।

এফসি বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিলের পালমেইরাস। অন্যদিকে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে নিউয়েলস ওল্ড বয়েজ।

গ্রুপ ‘এ’-তে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে আয়াক্স। ‘সি’ গ্রুপে বেনফিকার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। একই গ্রুপে স্বাগতিক ইন্টার মায়ামিও জয় দিয়ে যাত্রা শুরু করেছে। ইকুয়েডরের ক্লাব ইনডিপেনদিয়েন্তে দেল ভায়েকে ২-১ গোলে হারিয়েছে তারা।

দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি ছিল রিভার প্লেট ও চেলসির লড়াই। প্রথম আসরের চ্যাম্পিয়ন রিভার প্লেট এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। তবে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে গোল করতে পারেনি আর্জেন্টাইন দলটি। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

ফলে প্রথম দিনেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিভার প্লেটকে। আট দিনের এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কারা শিরোপা জেতে, এখন সেটিই দেখার অপেক্ষা।