ডি থ্রি টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্ক!
খেলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১২:০৫
নতুন টুর্নামেন্ট, নতুন দল, নতুন সম্ভাবনা। কিন্তু ডমেস্টিক থ্রি বা ডি থ্রি শুরুর আগেই আলোচনার জন্ম দিয়েছে খেলোয়াড় বাছাইয়ের নিলাম। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও দল পাননি আশিকুর রহমান শিবলি, নাঈম আহমেদের মতো ক্রিকেটাররা। বাদ পড়েছেন আরও কয়েকজন পরিচিত মুখ। ডিসেম্বরে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা বিসিবির এই নতুন আয়োজনের শুরুতেই তাই প্রশ্ন, ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনে কি যথেষ্ট গুরুত্ব পেয়েছে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স?
গতকাল অনুষ্ঠিত তিন বছরের জন্য খেলোয়াড় নিলামে পাঁচটি ক্যাটাগরিতে ছিলেন ২৮১ জন ক্রিকেটার। ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দ অনুযায়ী ২২ জন করে খেলোয়াড় দলে নিয়েছে। তাতে দল পেয়েছেন মোট ১৩২ জন, সঙ্গে আইকন ক্রিকেটার আছেন আরও ৬ জন। কিন্তু দল পাওয়ার এই লড়াইয়ে জায়গা হয়নি এমন কয়েকজনের, যাঁদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনার সুযোগ ছিল। তাদের মধ্যে অন্যতম ওপেনার আশিকুর রহমান শিবলি।
গত দুই বছর ঘরোয়া ক্রিকেটে রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ব্যাটার। তবু নিলাম শেষে কোনো দলের তালিকায় ঠাঁই হয়নি তার। প্রতিভাবান এই ক্রিকেটারের বাদ পড়া তাই আলাদা করে নজর কেড়েছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করার পরও নতুন টুর্নামেন্টে সুযোগ না পাওয়া তার মতো তরুণদের জন্য হতাশার কারণ হতে পারে।
স্পিন বিভাগেও রয়েছে চমক। জাতীয় ক্রিকেট লিগে বর্তমানে সর্বোচ্চ উইকেট নেওয়া নাঈম আহমেদকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ব্যাটারদের মধ্যে আশরাফুল হাসান রিহাদ, মিম মোসাদ্দেক ও প্রিতম কুমারও রয়ে গেছেন অবিক্রিত। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা আব্দুল্লাহ আল মামুনের ভাগ্যেও জোটেনি দল।
অবশ্য সবার ক্ষেত্রে কারণ এক নয়। চোটের কারণে নিলামে দল পাননি রোহানতদৌলা বর্ষণ, রবিউল হক ও তানিজম সাকিব। তবে শিবলি কিংবা নাঈমের মতো ক্রিকেটারদের বাদ পড়া স্বাভাবিকভাবেই খেলোয়াড় নির্বাচনের পরিকল্পনা নিয়ে কৌতূহল বাড়িয়েছে।

এমন প্রশ্নের জবাবে বিসিবির এক পরিচালক জানিয়েছেন, দল গঠনের সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোরই। তিনি বলেন, ‘দেখলাম শিবলি দল পায়নি। এটা তো বিসিবির কিছু করার ছিল না। কারণ ৬ ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছে তারা তাদের পছন্দমতো দল করবে। এ ছাড়া কোচরা রয়েছে তারা তো জানে কে কেমন, এখন তারা যদি সুযোগ না দেয় কি বলার আছে তাহলে।’
বোর্ডের এই বক্তব্যে স্পষ্ট, নিলামে কাকে নেওয়া হবে, সেই সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দই প্রাধান্য পেয়েছে। ফলে ঘরোয়া ক্রিকেটে ভালো করলেই যে ডি থ্রিতে জায়গা নিশ্চিত হবে, এমন নিশ্চয়তা নেই। অবিক্রীতদের তালিকায় আছেন একসময় জাতীয় দলের হয়ে খেলা নাসির হোসেনও। তার প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল।