Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টির ইতিহাসে এমন ব্যাটিং আগে দেখা যায়নি

টি-টোয়েন্টির ইতিহাসে এমন ব্যাটিং আগে দেখা যায়নি

খেলা ডেস্ক

২৭ অক্টোবর ২০২৬, ১৬:০১

ছয় ওভারে ১১৮ রান! টি-টোয়েন্টি ক্রিকেটে এমন বিধ্বংসী ব্যাটিং যেন রেকর্ডের পাতাকেই নতুন করে লিখল। নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন ভারতের দুই ওপেনার অভিষেক ও সূর্যবংশী। চার-ছক্কার অবিশ্বাস্য প্রদর্শনীতে পাওয়ার প্লেতে শুধু ম্যাচের রং বদলায়নি, টি-টোয়েন্টির ইতিহাসেও তৈরি করেছে নতুন মাইলফলক।

ইনিংসের প্রথম ছয় ওভারেই ভারত তুলে নেয় ১১৮ রান। এই সময়ের মধ্যে দুই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ১০টি ছক্কা। অর্থাৎ প্রায় প্রতিটি ওভারেই বোলারদের ওপর চড়াও হয়েছেন তারা। রান তোলার এমন অবিশ্বাস্য গতি নিউজিল্যান্ডকে শুরুতেই ঠেলে দেয় চাপে।

পাওয়ার প্লেতে ভারতের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১০০ রান। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে সেই কীর্তি গড়েছিল দলটি। এবার নিজেদের রেকর্ড ভেঙে এক লাফে ১১৮ রানে পৌঁছে গেল ভারত। শুধু নিজেদের রেকর্ডই নয়, বিশ্ব ক্রিকেটের হিসাবেও এই সংগ্রহ নতুন উচ্চতা তৈরি করেছে।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল অস্ট্রেলিয়ার। ২০২৪ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ছয় ওভারে ১১৩ রান তুলেছিল অজিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ভারত।

প্রথম ছয় ওভারে ১০০ বা তার বেশি রান তোলার কীর্তি আগে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডেরও ছিল। ভারত এই তালিকায় নাম লিখিয়েছিল আগেও। তবে এবার ১১৮ রানের বিস্ফোরক সংগ্রহে নিজেদের আগের অর্জনকেও ছাড়িয়ে গেল তারা। পাওয়ার প্লেতে শতাধিক রান করলো দ্বিতীয়বার।

শুধু টেস্ট খেলুড়ে দেশগুলোর রেকর্ড ভাঙাই নয়, সহযোগী দেশগুলোর কীর্তিও পেছনে ফেলেছে ভারত। এই শ্রেণিতে টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১১৬ রান। সার্বিয়ার বিপক্ষে সেই রান করেছিল রোমানিয়া। এবার ১১৮ রান তুলে সেই রেকর্ডও নিজেদের করে নিল ভারত।

নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ছয় ওভারেই ১১৮ রান তুলে নেয় ভারত, যা লক্ষ্যটির প্রায় ৫৯.৩ শতাংশ। ৪২০০ টি-টোয়েন্টি ম্যাচের ইতিহাসে কোনো দল প্রথম ছয় ওভারে এত রান তুলতে পারেনি। এমন বিধ্বংসী শুরুর পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে আকাশি-নীলরা।

এমআই