ব্যাটারকেই তার ভুল খোঁজার পরামর্শ দিলেন কোচ সালাহউদ্দিন
খেলা ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১৯:১১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ওপেনার সাদমান ইসলাম। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে দিন শেষ করেছেন তিনি। সাদমানের ব্যাটিংয়ে মুগ্ধ দলের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে মুমিনুল হকের উইকেট বিলিয়ে দেওয়ার ধরন নিয়ে সন্তুষ্ট নন এই কোচ।
মুমিনুলকে ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সালাউদ্দিন বলেন, ‘যখন প্রতিবার একই ভুল করবেন, কোনো না কোনো সমস্যা আছে। ওকে নিজেকেই বের করতে হবে কীভাবে এখান থেকে বের হয়ে আসবে। বলটা খুব কাছে ছিল। আরেকটু দূরে থাকলে ওপর দিয়ে চলে যেত।’
সাদমানের ব্যাটিংয়ের প্রশংসা করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘সে উইকেট খুব ভালো বুঝতে পেরেছে। পুরো ইনিংস যদি দেখেন, খুব বেশি শট খেলেনি। মাঝে মধ্যে টাফ টাইম আসে, তখন আমরা লুজ শট খেলে ফেলি। সে ক্রিটিক্যাল টাইম কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে ইনিংসটি খেলেছে। ৫০-৬০ রানের ইনিংস অনেক খেলেছে, ইদানীং লম্বা হচ্ছিল না। সে নিজেকে নিয়ে কাজ করছে।’
সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকায় দলের সবাই যে কিছুটা উদ্বিগ্ন ছিলেন, সেটিও অকপটে স্বীকার করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা পুরো দলই আসলে নার্ভাস। আমরা সবাই চাচ্ছিলাম সেঞ্চুরিটা হয়ে যাক। টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল। এই ইনিংস তাকে পরবর্তীতে অনেক সহায়তা করবে।’