Advertisement
Us Bangla Airlines
এনপিএলে শেখ মেহেদীর দারুণ ব্যাটিং, ব্যর্থ সাকিব

এনপিএলে শেখ মেহেদীর দারুণ ব্যাটিং, ব্যর্থ সাকিব

খেলা ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৫

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) অভিষেকেই ব্যাট হাতে ঝলক দেখালেন শেখ মেহেদি হাসান। তবে শুরুটা দারুণ হলেও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে ব্যাট হাতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান। মন্থর ব্যাটিংয়ে দুই অঙ্কে পৌঁছালেও বড় সংগ্রহ গড়ার আগেই ফিরেছেন সাজঘরে।

বুধবার কীর্তিপুরে সুদূর পশ্চিম রয়্যালসের বিপক্ষে মাঠে নামে মেহেদি ও সাকিবের দল পোখারা অ্যাভেঞ্জার্স। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের গোড়াপত্তন করেন মেহেদি। শুরুতে কিছুটা সময় নিলেও ধীরে ধীরে হাত খুলতে থাকেন ডানহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত ২১ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে চারটি চার ও একটি ছক্কা।

স্কট কুগেলাইনের ওভারে প্রথম বাউন্ডারি তুলে নেন মেহেদি। নিউজিল্যান্ডের এই পেসারের পরের ওভারে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের জানান দেন। পাওয়ার প্লের শেষ ওভারে আনিল খারেলকে টানা দুটি চার মারার পর অবশ্য ক্যাচ দিয়ে থামতে হয় তাকে। তাতে বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েও তা পূরণ করতে পারেননি মেহেদি।

মেহেদির বিদায়ের পর চার নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। তবে শুরু থেকেই রান তুলতে ধুঁকেছেন বাঁহাতি এই ব্যাটার। প্রথম ৯ বলে তার সংগ্রহ ছিল মাত্র ৫ রান। দশম বলে ইনিংসের একমাত্র বাউন্ডারিটি পেলেও রানের গতি বাড়াতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১৬ বলে ১৪ রান করে বিদায় নেন সাকিবও।