Advertisement
Us Bangla Airlines
ফ্রি টিকিট দিয়ে কত দর্শক পেল বিসিবি

ফ্রি টিকিট দিয়ে কত দর্শক পেল বিসিবি

খেলা ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ১৩:৪৩

টেস্ট ক্রিকেটে দর্শক ফেরাতে টিকিটের বাধা তুলে দিয়েছে বিসিবি। মিরপুরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। তবু প্রত্যাশিত সাড়া মিলছে না। দ্বিতীয় দিনের খেলা চলাকালে স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল হাজার দুয়েকের কিছু বেশি। বিনামূল্যে খেলা দেখার সুযোগ পেয়েও আসছেন না দর্শকরা।

বাংলাদেশে সাদা বলের ক্রিকেটে দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে গ্যালারিতে দর্শকদের সরব উপস্থিতি দেখা গেলেও টেস্ট ক্রিকেটে সেই চিত্র অনেকটাই ভিন্ন। লাল বলের ক্রিকেটে দর্শক টানতে এবার তাই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিসিবি। কিন্তু বিনামূল্যে প্রবেশের সুযোগ দিয়েও এখন পর্যন্ত দর্শকদের বড় জমায়েত নিশ্চিত করা যায়নি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান এই টেস্টের আগে বিসিবি জানিয়েছিল, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনই দর্শকেরা বিনামূল্যে খেলা দেখতে পারবেন। শুরুতে নর্থ ও সাউথ গ্যালারিতে এই সুযোগ সীমাবদ্ধ থাকলেও পরে স্টেডিয়ামের সব গ্যালারির জন্যই তা উন্মুক্ত করা হয়।

এর ফলে শুধু সাধারণ গ্যালারিই নয়, গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক ও অন্যান্য ভিআইপি স্ট্যান্ডেও বিনামূল্যে প্রবেশের সুযোগ তৈরি হয়। এরপরও দ্বিতীয় দিনে গ্যালারিতে দর্শকসংখ্যা দুই হাজারের সামান্য বেশি। কর্মদিবসের ব্যস্ততা ও তীব্র গরম দর্শক উপস্থিতি কম হওয়ার কারণ হতে পারে। দিনের বাকি সময়ে দর্শকসংখ্যা আরও বাড়ার সম্ভাবনাও ছিল।

বিসিবির টিকিট কমিটির আহ্বায়ক সাব্বির আহমেদ রুবেল বলেন, ‘সাদা বলের ক্রিকেটে কিন্তু অনেক দর্শক হয় আমাদের। সেই হিসেবে লাল বলে খুব একটা হয় না। যে কারণে আমরা টেস্টে অলমোস্ট ফ্রি গ্যালারি করে দিয়েছি। দুই দিনে যে দর্শক হয়েছে সেটাতে খুশি।’

তিনি আরও বলেন, ‘গরমের মধ্যে দর্শকরা সারাদিন খেলা দেখছে। কয়েকটি গ্যালারিতে কিন্তু অনেক দর্শক। এ ছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের সঙ্গে টেস্ট হলে আরও লোক হতো।’