জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, খেলা কবে?
খেলা ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১৪:৪১
ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ নিয়ে অপেক্ষার যেন শেষ হচ্ছে না। একবার নয়, কয়েক দফায় পিছিয়েছে ভারতীয় দলের বাংলাদেশ সফর। সবশেষ চলতি বছরের আগস্টে এই সফর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সিরিজ। এবার নতুন করে আশার আলো দেখছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতেই বাংলাদেশে পা রাখতে পারে ভারতীয় দল।
সফরটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে জানুয়ারির একেবারে শুরুতেই সিরিজটিতে অংশ নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ঠিক কবে মাঠে গড়াবে দুই দলের লড়াই, তা এখনো চূড়ান্ত হয়নি। কোনো বোর্ডই আনুষ্ঠানিক কিছু বলেনি।
সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী বিসিবির শীর্ষ কর্মকর্তারাও। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারিতে ভারত সফরের সম্ভাবনা শতভাগ। শুরু থেকেই এ নিয়ে পরিকল্পনা চলছে। সফরে দুই দলের মধ্যে সাদা বলের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো আয়োজনের সম্ভাব্য ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম।
ভারতের এই সফর নিয়ে অনিশ্চয়তা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের আগস্টে প্রথমবার বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের। পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, বাংলাদেশ সফরে আসছে ভারত। কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তে সেই সফরও স্থগিত হয়ে যায়।
বারবার সূচি পরিবর্তনের কারণে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষাও দীর্ঘ হয়েছে। এবার জানুয়ারিতে সিরিজ আয়োজনের বিষয়ে বিসিবির আত্মবিশ্বাস নতুন করে প্রত্যাশা তৈরি করেছে। তবে নির্দিষ্ট তারিখ ও পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে সমর্থকদের।
এমআই