রাইজিং স্টারস দলে বয়স্কদের ছড়াছড়ি
খেলা ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ২০:২২
নাম রাইজিং স্টারস, টুর্নামেন্টও উদীয়মান ক্রিকেটারদের। অথচ বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩০ পেরোনো পাঁচ ক্রিকেটার! তাদের মধ্যে একজনের বয়স ৩৪, আরেকজনের ৩৩। বাকি তিনজনও ৩০ বছর বয়সী। তরুণদের মঞ্চে অভিজ্ঞদের এমন আধিক্য দল নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি করেছে। উদীয়মানদের সুযোগ দেওয়ার প্রতিযোগিতায় কেন এত ত্রিশোর্ধ্ব ক্রিকেটার?
রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে রয়েছেন নাঈম, সাব্বির, ইমন ও সাইফউদ্দিনের মতো পরিচিত মুখ। তবে বয়সের বিচারে সবচেয়ে বেশি আলোচনায় সাব্বির রহমান। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে রাখা হয়েছে উদীয়মানদের দলে। তার পরই রয়েছেন ৩৩ বছর বয়সী ইরফান শুক্কুর। চট্টগ্রামের এই ঘরোয়া ক্রিকেটারও সুযোগ পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে।
ত্রিশোর্ধ্ব বাকি তিনজন হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী চৌধুরী ও মোহাম্মদ রুবেল। তিনজনেরই বয়স ৩০ বছর। সাইফউদ্দিন অলরাউন্ডার, ইয়াসির পরিচিত ব্যাটার হিসেবে। রুবেল এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা রহস্য স্পিনার। সব মিলিয়ে ১৯ জনের দলে পাঁচজনের বয়সই ৩০ কিংবা তার বেশি।
প্রশ্ন উঠছে, উদীয়মান ক্রিকেটারদের জন্য আয়োজিত টুর্নামেন্টে এত অভিজ্ঞ ক্রিকেটারকে জায়গা দিয়ে তরুণদের জন্য কতটা সুযোগ রাখা হচ্ছে? বিশেষ করে ইরফান শুক্কুরের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা রয়েছে। টপ এন্ড টি-টোয়েন্টিতে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকলেও বারবার সুযোগ পাওয়ার বিষয়টি নির্বাচকদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তৈরি করছে।
আগামী ৬ নভেম্বর মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু করবেন প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। সেখান থেকে বাছাই করে ১৫ সদস্যের চূড়ান্ত দল পাঠানো হবে কাতারে। আট দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। একই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং (চীন)।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে রাইজিং স্টারস এশিয়া কাপ। দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।
বাংলাদেশ ‘এ’ প্রাথমিক দল
মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।
এমআই