১৩০তম হয়েও ২৫ লাখ টাকা পেলেন ফুটবলাররা
খেলা ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ২০:৩১
বিশ্বের ১৮৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম। টুর্নামেন্টের পঞ্চম স্তরে (ই) রানার্সআপ হয়েই দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। মাঠের ফলাফল খুব একটা বড় না হলেও ফুটবলারদের পারফরম্যান্স ও সম্ভাবনাকে মূল্যায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ দেশে ফেরা দলকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার। সব মিলিয়ে পুরস্কারের অঙ্ক ২৫ লাখ টাকা।
ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব-১৫ পর্যায়ের বৈশ্বিক ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের বাকু গিয়েছিল বাংলাদেশ। এটি মূলত প্রতিযোগিতার পাশাপাশি তরুণদের ফুটবলে আকৃষ্ট করা এবং তাদের দক্ষতা বাড়ানোর একটি আয়োজন। মূল আসরের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০তম হলেও নিজেদের স্তরে রানার্সআপ হয়ে ফিরেছে।
দলের এই অর্জনকে সামনে রেখে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাফুফে। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের প্রত্যেককে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে, বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দিয়েছেন। এর আগে ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার কাছে হারের পরই ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন তিনি।
ফলাফলের বাইরে এই দলের কয়েকজন ফুটবলারের পারফরম্যান্সও নজর কেড়েছে। বিশেষ করে গোলরক্ষক শ্রীনাথ হালদার দুই ম্যাচে টাইব্রেকারে দুর্দান্ত সেভ করেছেন। কয়েকজন ফুটবলারের পারফরম্যান্সে আগ্রহ দেখিয়েছে বিদেশি ক্লাবও। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের প্রতিভার অভাব নেই, কিন্তু পরিচর্যা ও ধারাবাহিক সুযোগের অভাবে অনেক প্রতিভাই হারিয়ে যায়। এই দলকে ঘিরে সেই পুরোনো শঙ্কা দূর করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ফুটবলারদের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক কিংবা অবস্থান, আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে, এই বিষয়টি বাফুফে দেখবে। এই বিষয়ে মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব।’