কেমন হচ্ছে সিলেটের উইকেট, ধারণা দিলেন অমিত
খেলা ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৪
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘাসের উপস্থিতি। তবে উইকেটের চূড়ান্ত চরিত্র এখনো স্পষ্ট নয়। ম্যাচ শুরুর আগে আরও এক-দুই দিন সময় থাকায় পিচের আচরণ নিয়ে অপেক্ষায় বাংলাদেশ দলও। ঘরের মাঠে নিজের দ্বিতীয় টেস্ট খেলার অপেক্ষায় থাকা অমিত হাসানও এখনই উইকেট নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে খেলেন অমিত। সেই সুবাদে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তার পরিচিত মাঠ। এবার সেই মাঠেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলার হাতছানি এই তরুণ ব্যাটারের সামনে। মুমিনুল হকের বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দলে ডাক পেয়েছেন তিনি। একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে উইকেট নিয়ে নিজের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অমিত। তিনি বলেন, ‘উইকেট কেমন হবে, তা নির্ভর করে। এনসিএলে একরকম উইকেট থাকে। এখন পর্যন্ত ঘাসের উইকেট দেখলাম। এখনও এক-দুই দিন বাকি আছে, দেখা যাক।’
নিজেদের সাম্প্রতিক ম্যাচগুলোর উইকেটের সঙ্গেও এবারের পিচের পার্থক্য দেখছেন এই ব্যাটার। তিনি বলেন, ‘আমাদের শেষ দুই ম্যাচে ভিন্ন রকম ছিল, এখন আরেক রকম। এক-দুই দিন পর বোঝা যাবে উইকেট কেমন।’
সিলেটের উইকেটে অতীতেও ঘাসের উপস্থিতি দেখা গেছে। এমন উইকেটে শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। ম্যাচ যত গড়ায়, স্পিনারদের জন্যও সুযোগ তৈরি হয়। ফলে ব্যাটার ও বোলার, দুই পক্ষের জন্যই সহায়ক স্পোর্টিং উইকেট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মাঠে ভালো ইনিংস খেলার অভিজ্ঞতাও আছে অমিতের। নিজের ব্যাটিং নিয়ে তার ভাবনা অবশ্য বরাবরের মতোই পরিষ্কার। রান করার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই এগোতে চান তিনি। অমিত বলেন, ‘প্রত্যেক ব্যাটার চায় রান করতে। আমার প্রক্রিয়াও একই ছিল, এ কারণে রান করেছি।’
দুই ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে হারের পর সিলেটে সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৫ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।