Advertisement
Us Bangla Airlines
২২ বলে ৪৪ রান করে যা বললেন আরিফুল

২২ বলে ৪৪ রান করে যা বললেন আরিফুল

খেলা ডেস্ক

০২ নভেম্বর ২০২৬, ২২:৫৪

ব্যাট হাতে ঝড় তোলার অভ্যাসটা পুরোনো। এবার নেপাল প্রিমিয়ার লিগেও (এনপিএল) সেই আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক দেখাচ্ছেন বাংলাদেশের তরুণ ব্যাটার আরিফুল ইসলাম। কর্নালি ইয়াকসের হয়ে একের পর এক বিধ্বংসী ইনিংসে নজর কেড়েছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। সর্বশেষ কাঠমান্ডুর বিপক্ষে মাত্র ২২ বলে ৪৪ রান করার পর নিজের ব্যাটিংয়ের পরিকল্পনা ও আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তিনি।

এনপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন আরিফুল। প্রথম ম্যাচে জনকপুরের বিপক্ষে ২৯ বলে ৪৩ রান করে নিজের সামর্থ্যের জানান দেন। পরের ম্যাচে বিরাটনগরের বিপক্ষে আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। মাত্র ১২ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে ম্যাচের গতিপথ বদলে দেন। সর্বশেষ কাঠমান্ডুর বিপক্ষে ২২ বলে ৪৪ রানের ইনিংসে হাঁকান পাঁচটি চার ও তিনটি ছক্কা।

আরিফুলের এমন ব্যাটিংয়ে মুগ্ধ তাঁর দলও। কর্নালি ইয়াকস সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ইনিংসকে আখ্যা দিয়েছে ‘স্টেটমেন্ট ইনিংস’ হিসেবে। জাতীয় দলে অভিষেকের আগেই নিজের ব্যাটিং দিয়ে আলোচনায় উঠে আসা এই তরুণ এবার জানালেন, ঝোড়ো ব্যাটিংয়ের পেছনে কাজ করে নির্দিষ্ট পরিকল্পনা ও নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস।

কাঠমান্ডুর বিপক্ষে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আরিফুল। তবে তাঁর লক্ষ্য ছিল শুধু দ্রুত রান তোলা নয়, যতটা সম্ভব উইকেটে টিকে থেকে দলের স্কোর বড় করা। নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে আরিফুল বলেন, ‘উইকেট ভালো ছিল। তাই যত বেশি সময় সম্ভব ব্যাটিং করতে চেয়েছি। ক্রিজে বেশি সময় কাটাতে পারলে দলের জন্য আরও ভালো কিছু করা সম্ভব হতো।’

পাওয়ারপ্লেতে আরিফুলের আগ্রাসী ব্যাটিংও আলাদা করে নজর কেড়েছে। মাত্র ছয় ওভারের মধ্যেই বোলারদের ওপর চড়াও হওয়ার পেছনে নিজের আত্মবিশ্বাসকেই বড় শক্তি মনে করেন তিনি। বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের টি-টোয়েন্টিতে টপ অর্ডারে খেলার অভিজ্ঞতাও কাজে লাগছে।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লে অনেক গুরুত্বপূর্ণ। পাওয়ারপ্লেতে আমি অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করি। এরপর যা হওয়ার হয়। বাংলাদেশেও আমি টি-টোয়েন্টিতে টপ অর্ডারেই খেলি। তাই এখানেও কাজটা সহজ ছিল। আমি আমার সামর্থ্য সম্পর্কে জানি। আমার এই আত্মবিশ্বাস আছে, পাওয়ারপ্লেতে আমি ব্যাট করলে দলের উপকার হবে।’