আফগান লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
খেলা ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ২১:৫৮
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। আসন্ন মৌসুমের খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসসহ দেশের পরিচিত মুখেরা। আগামীকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই ড্রাফট।
ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রেক্স ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ১০ ক্রিকেটারের মধ্যে ছয়জন রয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অন্যদিকে, ডায়মন্ড ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের বাকি চার ক্রিকেটার হলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। বাংলাদেশিদের পাশাপাশি ড্রাফটে রয়েছেন পাকিস্তানের ২৯ এবং ভারতের তিন ক্রিকেটার। ভারতীয় তিনজন হলেন বিজয় শঙ্কর, আয়ান খান ও মুরুগান অশ্বিন। তাদের মধ্যে বিজয় শঙ্কর আইপিএলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার।
ড্রাফটে পাকিস্তানের ক্রিকেটারদের তালিকাও বেশ সমৃদ্ধ। সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক ও নাসিম শাহর মতো তারকারা রয়েছেন সেখানে। যদিও তাদের নাম না দেওয়ার গুঞ্জন ছিল। তবুও পাকিস্তানি ক্রিকেটারদের দাপট রয়েছে এপিএলের ড্রাফটে। যুক্তরাজ্যের বাসিন্দা হিসেবে নিবন্ধন করেছেন পাকিস্তানের আমির।
পাকিস্তান ও ভারতের ক্রিকেটারদের বাইরেও ড্রাফটে থাকছেন বিভিন্ন দেশের হয়ে নিবন্ধিত ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাত, ওমান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও কুয়েতের প্রতিনিধিরা। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখদের নিয়ে জমজমাট হতে যাচ্ছে এপিএলের এবারের ড্রাফট।
এমআই