Advertisement
Us Bangla Airlines
চার-ছক্কার ঝড় তুলেও যেখানে আক্ষেপ রাখছেন আরিফুল

চার-ছক্কার ঝড় তুলেও যেখানে আক্ষেপ রাখছেন আরিফুল

খেলা ডেস্ক

০২ নভেম্বর ২০২৬, ১৮:৫১

এনপিএলের মন্থর উইকেটে ব্যাটারদের জন্য রান করা কঠিন চ্যালেঞ্জ। সেখানে ঝোড়ো ব্যাটিংয়ে আলাদা করে নজর কাড়ছেন বাংলাদেশের আরিফুল ইসলাম। কর্নালির হয়ে টানা তিন ম্যাচে খেলেছেন কার্যকর তিনটি ইনিংস। চার-ছক্কার ফুলঝুরিতে প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন, বদলে দিয়েছেন ম্যাচের গতিপথ। তবু একটা জায়গায় অপূর্ণতা রয়ে গেছে। তিন ম্যাচেই ফিফটির কাছাকাছি গিয়েও মাইলফলক ছোঁয়া হয়নি তার।

এনপিএলের উইকেট ব্যাটারদের জন্য মোটেও সহজ নয়। গ্রুপ পর্বের প্রথম ১০ ম্যাচে ফিফটির দেখা মিলেছে মাত্র সাতবার। বেশির ভাগ ব্যাটারের স্ট্রাইক রেটও ঘোরাফেরা করছে ১২০-এর আশপাশে। এমন পরিস্থিতিতে আরিফুলের ব্যাটিং যেন ভিন্ন এক গল্প। কম বলেই ঝড় তুলে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি।

জনকপুরের বিপক্ষে শুরুটা করেছিলেন ২৯ বলে ৪৩ রানের ইনিংস দিয়ে। চারটি ছক্কার সঙ্গে মেরেছিলেন চারটি চার। পরের ম্যাচে বিরাটনগরের বিপক্ষে আরও বিধ্বংসী আরিফুল। মাত্র ১২ বলে ৩২ রান করে কর্নালিকে এনে দেন ম্যাচের মোমেন্টাম। সেই ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। সর্বশেষ কাঠমান্ডুর বিপক্ষেও থামেনি তার ব্যাটের ঝলক। মাত্র ২২ বলে করেছেন ৪৪ রান। পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল এই ইনিংস।

তিন ম্যাচেই দ্রুত রান তুলে দলকে এগিয়ে দিয়েছেন আরিফুল। কিন্তু প্রতিবারই বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েও ফিরতে হয়েছে ফিফটির আগে। তাই চার-ছক্কার ঝড় তুলেও ব্যক্তিগত অর্জনের খাতায় রয়ে গেছে আক্ষেপ। ফ্র্যাঞ্চাইজি লিগে ভবিষ্যতে বড় নাম হয়ে উঠতে দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি ফিফটি, সেঞ্চুরির সংখ্যাও বাড়াতে হবে।

তবে আরিফুলের পারফরম্যান্সের প্রভাব কেবল চোখধাঁধানো ইনিংসেই সীমাবদ্ধ নয়, পরিসংখ্যানেও রয়েছে তার প্রতিফলন। এনপিএলে রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। ছক্কার হিসাবেও ১০টি নিয়ে দ্বিতীয় অবস্থানে। আর ১৮৮ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিংয়ের গতিতে রয়েছেন তৃতীয় স্থানে। তার ওপরে আছেন সেহান জয়াসুরিয়া ও আন্দ্রে রাসেল।

এমআই