মিরপুর টেস্ট কেন হেরেছেন, ব্যাখ্যা দিলেন শান্ত
খেলা ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১৮:৫০
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম টেস্টেই সেই স্বপ্নের পথে বড় ধাক্কা খেয়েছে টাইগাররা। মিরপুরে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, কোনো বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।
এমন হারের পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা লুকাননি অধিনায়ক শান্ত। ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমার মনে হয় খুবই হতাশাজনক পারফরম্যান্স। আমাদের তিনটা ডিপার্টমেন্ট ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে কেউই সেরাটা খেলতে পারিনি। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়।’
দলের প্রস্তুতি কিংবা খেলোয়াড়দের মানসিকতায় কোনো ঘাটতি ছিল বলে মনে করেন না অধিনায়ক। শান্ত বলেন, ‘ড্রেসিংরুম, প্রস্তুতি কিংবা আমাদের ইচ্ছে, সবই ভালো ছিল। খেলোয়াড়রা সবাই ভালো করতে চেয়েছে। আমার কাছে এটা স্রেফ একটা বাজে দিন। আমাদের তিনটা ডিপার্টমেন্টই ভালো করতে পারেনি, বিশেষ করে ফিল্ডিং। অনেক সময় এমনটা হয়।’
ব্যাটিং বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুরুতেই ব্যাটারদের ব্যর্থতার কথা তুলে ধরেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি, বিশেষ করে আমাদের শুরুটা খুবই বাজে ছিল। আমরা অনেকগুলো সফট ডিসমিসালে আউট হয়েছি। সামনের দিনে আমাদের এই জায়গাগুলোতে নজর দিতে হবে। পাশাপাশি এই ধরনের কন্ডিশনে কিভাবে আমরা ভালো করতে পারি সেটাও দেখতে হবে।’
ম্যাচে আম্পায়ার্স কলের কয়েকটি সিদ্ধান্তও আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘অবশ্যই, আপনার স্কোরবোর্ডে যখন যথেষ্ট রান থাকবে না তখন এই ধরনের (আম্পায়ার্স কল) সিদ্ধান্তগুলো প্রয়োজন হবে। পাশাপাশি ফিল্ডিংও আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে, অবিশ্বাস্য ক্যাচ নিতে হবে। ওইগুলো আপনাকে করতেই হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সুযোগগুলো নিতে পারি। কিন্তু ক্রিকেটে এমনটা হয়।’