৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েও হারল বাংলাদেশ
খেলা ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১৫:৩১
ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলল বাংলাদেশ। এক ওভারে ছয় বলে ছয় ছক্কা, টানা সাত বলে সাত ছক্কার বিরল দৃশ্যও দেখা গেল ম্যাচে। তাতে ১২৯ রানের বিশাল পুঁজি গড়েও শেষ রক্ষা হলো না টাইগারদের। শেষ বলের ছক্কায় দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। ফলে হংকং সিক্সেসের ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে গেছে।
এর আগে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেও জয়ের খুব কাছে পৌঁছেছিল বাংলাদেশ। কিন্তু প্রতিবারই এক উইকেটের ব্যবধানে হারতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেই একই গল্পের পুনরাবৃত্তি। শেষ বল পর্যন্ত লড়াই করেও জয়ের দেখা পেল না দল।
বাংলাদেশের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক জরিচ ভন স্কালকুইক। দুইবার ব্যাট করার সুযোগ পেয়ে ২০ বলে অপরাজিত ৭৭ রান করেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন আয়াবুলেলা গামানে। মাত্র ৭ বলে ৩০ রান করেন এই ব্যাটার। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ভন স্কালকুইক।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আব্দুল্লাহ বায়ুমি। শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন ওপেনার হাবিবুর রহমান সোহান। আগের দুই ম্যাচের তুলনায় আরও বিধ্বংসী ছিলেন তিনি। তবে অন্য প্রান্তে সাব্বির রহমান সুবিধা করতে পারেননি। একটি ছক্কা মেরে ৬ বলে ৭ রান করে বিদায় নেন তিনি।
সাব্বির ফিরলেও থামেনি সোহানের ব্যাটিং তাণ্ডব। মাত্র ১৩ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ওপেনার। তার ব্যাট থেকে আসে দুটি চার ও সাতটি ছক্কা। ম্যাচের সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্যটি দেখা যায় চতুর্থ ও পঞ্চম ওভারের সন্ধিক্ষণে। ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারের দুই বল খেলে দুটি ছক্কা হাঁকান সোহান।
এরপর নিয়ম অনুযায়ী অবসরে যান তিনি। বাকি চার বলে টানা চার ছক্কা মারেন মৃত্যুঞ্জয় চৌধুরী। পরের ওভারের প্রথম বলেও ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। অর্থাৎ টানা সাত বলে সাতটি ছক্কা হজম করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। সোহানের বিদায়ের পরও বাংলাদেশের আগ্রাসন থামেনি।
রনি ও মৃত্যুঞ্জয়ের ব্যাটে শেষ পর্যন্ত ১২৯ রানের বড় সংগ্রহ পায় দল। ইনিংসের শেষ দিকে ৬ বলে ২৬ রান করে আউট হন মৃত্যুঞ্জয়। নিয়ম অনুযায়ী আবারও ব্যাটিংয়ে ফেরেন সোহান। অন্যদিকে অধিনায়ক রনি ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কা। মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে আসে চারটি চার।
এত বড় সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত জয় অধরা থেকে গেল বাংলাদেশের। শেষ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৫ রান। সেই বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচের নাটকীয় সমাপ্তি ঘটান ভন স্কালকুইক। এই হারে হংকং সিক্সেস থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হবে ভারত অথবা ইংল্যান্ড।
এমআই