ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশকে বড় লক্ষ্য এনে দিলেন নাইম
খেলা ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৩
একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে, অন্যপ্রান্তে বুক চিতিয়ে লড়ছেন নাঈম হাসান। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ দিনের সকালে বাংলাদেশের ব্যাটিংয়ের গল্পটা ছিল অনেকটাই তার একার লড়াই। সেই লড়াইয়ে প্রথমবারের মতো টেস্টে অর্ধশতকের দেখা পেয়েছেন এই স্পিনার। তার ৫২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ১৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭০ রান।
আগের দিন ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে চরম চাপে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ ভাগে আলোকস্বল্পতা খেলা থামিয়ে দেওয়ায় কিছুটা স্বস্তি মিলেছিল স্বাগতিক শিবিরে। চতুর্থ দিনে নতুন করে প্রতিরোধ গড়ার প্রত্যাশা থাকলেও শুরুতেই ধাক্কা খায় দল। আগের দিনের অপরাজিত ব্যাটার জাকের আলি ২২ রান করে সাজঘরে ফেরেন। জোমেল ওয়ারিকানের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে থামে তার ইনিংস।
এরপর বাংলাদেশের স্কোরবোর্ডে বড় কোনো অবদান রাখার মতো ব্যাটার ছিলেন না। এমন পরিস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেন নাঈম। ব্যাটিংয়ে নেমেই উইকেট ধরে রাখার পাশাপাশি রান তোলার চেষ্টা চালিয়ে যান তিনি। ২৯ রানে তার ক্যাচ হাতছাড়া করেন চেজ। পাওয়া সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস উপহার দেন নাঈম।
৯১ বলের ইনিংসে চারটি বাউন্ডারিতে ৫২ রান করেন তিনি। শেষ পর্যন্ত চেজের বলে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে। তবে ততক্ষণে দলের সংগ্রহে যোগ করেছেন মূল্যবান রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও এই ডানহাতি ব্যাটার। তার পর জাকের আলির ২২ রান।
নাঈমের আগের সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল ৩৫ রানের অপরাজিত ইনিংস। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সেই রান করেছিলেন তিনি। এবার ঘরের মাঠে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে নিজের ব্যাটিং সামর্থ্যের নতুন পরিচয় দিলেন।
এই ম্যাচে নাঈমের অবদান অবশ্য শুধু ব্যাটিংয়ে সীমাবদ্ধ নয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হওয়ার পথে বল হাতে চারটি উইকেট নিয়েছিলেন তিনি। এবার ব্যাট হাতেও দলের কঠিন সময়ে হয়ে উঠলেন সবচেয়ে নির্ভরযোগ্য মুখ।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ২৪৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় সেই সুবিধা বড় করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৪২ রানে থামে তাদের ইনিংস।
ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক রোস্টন চেজ। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। চারটি উইকেট পেয়েছেন জোমেল ওয়ারিকান। এই পারফরম্যান্সে টেস্ট ক্যারিয়ারের পঞ্চমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন চেজ।
এমআই