Advertisement
Us Bangla Airlines
৩৫০ রান করেও টেস্টের মেজাজ বুঝলেন না হৃদয়!

৩৫০ রান করেও টেস্টের মেজাজ বুঝলেন না হৃদয়!

খেলা ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ১৪:৫২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৩৫০ রানের অবিশ্বাস্য ইনিংস। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যা সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর টেস্ট দলে ডাক, মুশফিকুর রহিমের চোটে একাদশেও সুযোগ। কিন্তু সেই সুযোগের কী নির্মম অপচয়! ব্যাট হাতে এমন সব দায়িত্বজ্ঞানহীন শট খেললেন তাওহীদ হৃদয়, যা দেখে বিস্মিত হওয়ার পাশাপাশি ক্ষুব্ধও হতে হয়। দলের প্রয়োজনের মুহূর্তে দায়িত্ব নেওয়ার বদলে যেন উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নামলেন এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২ রান করেছিলেন হৃদয়। পায়ের চোটে মাঠ ছাড়ার আগে ব্যাটিংয়ে ছিলেন বেশ সাবলীল। কিন্তু পরদিন আবার ক্রিজে ফিরেই ছন্দ হারান। ক্রস ব্যাটে অযাচিত শট খেলতে গিয়ে কোনো রান না করেই ফিরতে হয় তাকে। সাদা বলের ক্রিকেটে এমন শট খেলে সাফল্য পেয়েছেন অনেকবার। কিন্তু টেস্ট ক্রিকেট কি আর টি-টোয়েন্টি? এখানে প্রতিটি বলের মূল্য বুঝতে হয়, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। সেই সাধারণ বোধটুকুই যেন দেখাতে পারলেন না হৃদয়।

দ্বিতীয় ইনিংসে তার কাণ্ড আরও বিস্ময়কর। দ্রুত দুই উইকেট হারিয়ে বাংলাদেশ তখন রীতিমতো বিপর্যস্ত। মুমিনুল হক চোটে পড়ায় চার নম্বরে ব্যাটিংয়ে নামার সুযোগ পান হৃদয়। এমন পরিস্থিতিতে তার কাছ থেকে প্রত্যাশা ছিল দায়িত্বশীল ব্যাটিং, উইকেটে টিকে থেকে দলকে বিপদমুক্ত করার চেষ্টা। অথচ ক্রিজে এসেই দ্বিতীয় বলে ডাউন দ্য ট্র্যাকে এগিয়ে গিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা! ফল যা হওয়ার, তা-ই হয়েছে। কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন তিনি।

প্রশ্ন হচ্ছে, যে হৃদয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫০ রানের ম্যারাথন ইনিংস খেলতে পারেন, তিনি টেস্টের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এতটা বেপরোয়া হলেন কীভাবে? ৩৫০ রান করতে যে ধৈর্য, মনোযোগ ও ক্রিকেটীয় বোধের প্রয়োজন, তার ছিটেফোঁটাও কি এই ইনিংসে দেখা গেল? দলের বিপদে উইকেট আগলে রাখার বদলে এমন আত্মঘাতী শট খেলার কোনো ব্যাখ্যা নেই।

হৃদয়ের এমন ব্যাটিং দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ধারাভাষ্যকাররাও। তার শট নির্বাচনের কঠোর সমালোচনা করে ক্রিকেটীয় বিচারবুদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। টেস্ট ক্রিকেটে পরিস্থিতির দাবি উপেক্ষা করে এমন শট খেলা যে কতটা দায়িত্বহীন, সেটিই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হৃদয়।

তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্তও। একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩৩ রানে ৪ উইকেট। মুহূর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে। অবশ্য বাংলাদেশের এই বিপর্যয়ের দায় একা হৃদয়ের নয়। তবে তার এমন আত্মঘাতী ব্যাটিং যে দলের বিপদ বহুগুণ বাড়িয়েছে, তা অস্বীকারের সুযোগ নেই।

এমআই