আরও ৩ কোচকে ছাঁটাই করল মুম্বাই ইন্ডিয়ানস
খেলা ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১৯:১৪
আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই কোচিং প্যানেলে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে মুম্বাই ইন্ডিয়ানস। প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের বিদায়ের পর এবার কোচিং স্টাফ থেকে বাদ পড়লেন আরও তিনজন। তাদের মধ্যে রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কিংবদন্তি পেসার ও সাবেক বোলিং কোচ লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন।
২০২৭ আইপিএল সামনে রেখে দল গোছানোর এই প্রক্রিয়ায় কোচিং বিভাগে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সাম্প্রতিক কয়েকটি মৌসুমে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় মুম্বাইয়ের এই পরিবর্তনকে দলটির নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালে শেন বন্ডের স্থলাভিষিক্ত হয়ে মুম্বাইয়ের বোলিং কোচের দায়িত্ব নেন মালিঙ্গা। তবে তার কোচিংয়ে দলটির ফলাফলে ধারাবাহিকতা আসেনি। ২০২৪ আইপিএলে দশম স্থানে শেষ করার পর ২০২৫ মৌসুমে চতুর্থ হয়েছিল মুম্বাই। সর্বশেষ ২০২৬ আসরে আবারও নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।
তবে মুম্বাইয়ের সঙ্গে মালিঙ্গার সম্পর্ক কেবল কোচিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। খেলোয়াড় হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে টানা নয়টি মৌসুম খেলেছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি পেসার। চারটি আইপিএল শিরোপা জয়ের অভিযানে দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি শিরোপা জিতেন তিনি।
এক বিবৃতিতে মুম্বাই জানিয়েছে, দলের বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মালিঙ্গার আবেগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা ও নিবেদন প্রজন্মের পর প্রজন্মের ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে। তাই কোচিংয়ের দায়িত্ব ছাড়লেও মুম্বাইয়ের ইতিহাসে মালিঙ্গার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তালিকার আরেক নাম পরশ মামব্রে। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বাইয়ের সঙ্গে কাজ করেছিলেন ভারতের সাবেক এই বোলিং কোচ। এরপর ২০২৪ সালে আবারও ফ্র্যাঞ্চাইজিটিতে ফেরেন তিনি। দুই মেয়াদেই দলের বোলারদের গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মামব্রে।
অন্যদিকে, ইংল্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০২৫ মৌসুমের আগে মুম্বাইয়ের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন কার্ল হপকিনসন। দলের ফিল্ডিংয়ের মান উন্নত করার দায়িত্বে থাকা এই কোচকেও এবার বিদায় জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে চলতি মাসেই মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুম্বাই। তার বিদায়ের পর ব্যাটিং কোচের দায়িত্বে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ডকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া মেন্টর পদ থেকে শচীন টেন্ডুলকারও বাদ পড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে।