‘আমাদের ভুল হয়ে গেছে’, কেন বললেন সাদমান
খেলা ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১৯:২৯
দীর্ঘ অপেক্ষার পর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম। কিন্তু ব্যক্তিগত এই অর্জনেও তৃপ্ত নন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। বরং সেঞ্চুরির পর ইনিংসটা বড় করতে না পারার আক্ষেপই বেশি তার। সাদমানের বিশ্বাস, টপ অর্ডারের ব্যাটাররা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারলে মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোর ৪৫০ কিংবা ৫০০ রানও হতে পারত। সেই সুযোগ হাতছাড়া হওয়ায় তাই নিজের ভুলের কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন। তবে ১০৫ রানের বেশি এগোতে পারেননি তিনি। অভিষিক্ত পেসার জশুয়া বিশপের বলে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট করে স্বাগতিকরা।
সাদমান বলেন, ‘অবশ্যই, এখানে আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমরা যদি টপ অর্ডারে রানটা ১৫০, ১৭০ কিংবা ২০০ পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো দলের রান ৪৫০ বা ৫০০-তে গিয়ে থামত। আমাদের ভুল হয়ে গেছে। চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ, পরবর্তী সময়ে এমন পরিস্থিতি এলে যতটা সম্ভব বড় ইনিংস খেলার।’
বাংলাদেশের ব্যাটিং ধসের পেছনে উইকেটের চেয়ে ব্যাটারদের ভুল ও ওয়েস্ট ইন্ডিজের ভালো বোলিংকেই বেশি দায়ী করছেন সাদমান। বিশেষ করে তাওহীদ হৃদয়ের আউট নিয়ে তার মনে হয়েছে, ওই বলে শট খেলার সুযোগ ছিল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হৃদয় যে বলে আউট হয়েছে, আমার কাছে মনে হয়েছে সেটি মারার মতো বল ছিল। হৃদয় এ ধরনের শট খেলে এবং রানও করে। আমার কাছে মনে হয় না উইকেটের কারণে এমন হয়েছে। ওরা ভালো বোলিং করেছে, আমাদেরও কিছু ভুল ছিল। আমি আর লিটন যদি একটা পার্টনারশিপ গড়তে পারতাম, তাহলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতো।’
ব্যক্তিগতভাবে অবশ্য সাদমানের জন্য এই সেঞ্চুরি বিশেষ তাৎপর্যপূর্ণ। গত কয়েক বছরে নিয়মিত রান করলেও ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার আক্ষেপ ছিল তার। ৭০ রানের ঘর পেরিয়েও একাধিকবার বড় ইনিংসের সুযোগ হাতছাড়া করেছেন। এবার সেই বাধা পেরিয়ে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি।
সাদমান বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি সবসময় চিন্তা করতাম, কেন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আউট হয়ে যাচ্ছি। গত কিছুদিন এটা নিয়ে অনেক কাজ করেছি। আমার মনে হয়েছিল, ফিটনেসের সমস্যা হতে পারে। তাই ফিটনেস নিয়ে ভালো কাজ করেছি। ব্যাটিংয়ে যেসব ঘাটতি ছিল, সেগুলো নিয়েও কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আশরাফুল ভাই ও সালাউদ্দিন স্যারও কিছু পরামর্শ দিয়েছেন। আশা করছি, সামনে এর ভালো ফল পাব।’