Advertisement
Us Bangla Airlines
বৃষ্টি-আলোকস্বল্পতার দিনে মিরপুরে স্পিনারদের রাজত্ব

বৃষ্টি-আলোকস্বল্পতার দিনে মিরপুরে স্পিনারদের রাজত্ব

খেলা ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ১৭:১৮

মিরপুরে তৃতীয় দিনজুড়েই ছিল বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধা। এর মধ্যেই বল হাতে রাজত্ব করেছেন দুই দলের স্পিনাররা। বিশেষ করে ক্যারিবীয় স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশের ব্যাটাররা। একপর্যায়ে মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে জাকের আলি ও নাইম হাসানের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ।

দিনের খেলা শেষ হওয়ার আগে ৬ উইকেটে ৭৯ রান তুলেছে টাইগাররা। প্রথম ইনিংসের লিড মিলিয়ে বাংলাদেশের ব্যবধান এখন ১০৬ রান। স্পিন ভেলকির মিরপুরে টাইগাররা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার বিষয়।

দিনের শুরুতে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভসের ব্যাটে লিড নেওয়ার পথে এগোচ্ছিল ক্যারিবীয়রা। চন্দরপল ১৮৪ বলে ৫৬ রান করে শরিফুল ইসলামের শিকার হন। পরে ১০৩ বলে ৪৬ রান করা গ্রিভসকে ফেরান নাইম হাসান।

মধ্যাহ্নভোজের পর দুই অফস্পিনার নাইম ও মিরাজের ঘূর্ণিতে দ্রুত গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত জশুয়া বিশপ ফেরান মিরাজ। এরপর শামার জোসেফ, ওয়ারিকান ও সিলসকে ফিরিয়ে ক্যারিবীয় ইনিংসের ইতি টানেন নাইম। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। মিরাজ-তাইজুল ২টি এবং হাসান-শরিফুল একটি করে উইকেট শিকার করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শামার জোসেফের বলে কোনো রান না করেই ফেরেন তানজিদ হাসান তামিম। পরে সাদমান ইসলাম ১৩ রান করে রোস্টন চেইজের বলে বোল্ড হন। একই ওভারে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। এরপর শান্তর বিদায়ে চাপ আরও বাড়ে।

চা বিরতির আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। বিরতির পর মাঠে ফিরে লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। জোমেল ওয়ারিকানের বলে ৪ রান করে এলবিডব্লিউ হন তিনি। পরে ৯ রান করা মিরাজও একই বোলারের শিকার হলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। 

সেখান থেকে জাকের আলি ও নাইম হাসান প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের ব্যাটে বাংলাদেশের লিড একশ ছাড়িয়েছে। তবে আলোকস্বল্পতার কারণে ৯০ ওভার পূর্ণ হওয়ার আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। ৬ উইকেট হাতে নিয়ে ১০৬ রানের লিড নিয়ে চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ।

এমআই