Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের পথ অনুসরণ করে ২৭ রানে পিছিয়ে উইন্ডিজ

বাংলাদেশের পথ অনুসরণ করে ২৭ রানে পিছিয়ে উইন্ডিজ

খেলা ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭

বাংলাদেশের লেজের সারির ব্যাটাররা যেন তর সহ্য করতে পারেননি। নির্বোধ শটে শেষ ১০ রান করতে হারিয়েছে ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজও একই পথ অনুসরণ করেছে। দারুণ শুরুর পরেও টেলএন্ডার ব্যাটাররা প্রত্যাশিত সমর্থন দিতে পারেননি। উল্টো শট খেলতে গিয়ে শেষ ১১ রানের মাথায় হারিয়েছে ৪ উইকেট। তাতে ২৭ রানে পিছিয়ে পড়েছে সফরকারীরা।

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ভাগাভাগি করেছে বাংলাদেশ। ২ উইকেট শিকার করলেও টাইগাররা বিলিয়েছেন রান। তবুও ৫৯ রানে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে ডাগআউটে ফিরেছে শান্তর দল। ক্যারিবিয়ানরা দ্বিতীয় সেশনে ফিরেই সেই রান পূরণে তাড়াহুড়ো করছিল। কিন্তু নাইম-মিরাজের ভেলকিতে মাত্র ১১ রান করতেই ৪ উইকেট হারায় উইন্ডিজ।

দিনের শুরুতে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে ছিলেন ত্যাগনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের প্রতিরোধে বেশ কিছুক্ষণ উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন তারা। এর মধ্যে ফিফটি পূর্ণ করেন ত্যাগনারায়ণ। তবে শরিফুলের বলে ৫৬ রানে ফিরেন তিনি।

এরপর গ্রিভসের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক রোস্টন চেইজ। দুজন মিলে বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা চাপ তৈরি করেন। দারুণ সব শটে রান তুলে দলকে এগিয়ে নিতে থাকেন তারা। গ্রিভসের ব্যাটে বড় ইনিংসের সম্ভাবনা জাগে, চেইজও খেলছিলেন দায়িত্বশীল ক্রিকেট। তাদের জুটিতে ক্যারিবীয়দের প্রথম ইনিংসে লিড বাড়ানোর পথ তৈরি হয়।

মধ্যাহ্নভোজের আগে নাইমের ভেলকিতে আউট হন গ্রিভস। পরেও সেই নাইমের ঝলক। অবিশ্বাস্য টার্নে একে একে শিকার করেন ৪ উইকেট। বলের হিসাবে বাংলাদেশের হয়ে দ্রুততম ৫০ উইকেটের মালিকও হয়েছেন তিনি। নাইম ছাড়া মিরাজ-তাইজুল ২টি এবং হাসান-শরিফুল একটি করে উইকেট শিকার করেন। শান্তদের সামনে এবার টিকে থাকার চ্যালেঞ্জ।