Advertisement
Us Bangla Airlines
ম্যাচ জিততে কত রান করতে চায় বাংলাদেশ

ম্যাচ জিততে কত রান করতে চায় বাংলাদেশ

খেলা ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ১৯:২৯

বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতে নিজেকেই সামলাতে হলো নাইম হাসানকে। সতীর্থদের ব্যাটিং উপভোগ করার সুযোগ মেলেনি। একের পর এক উইকেট পতনে দ্রুতই প্যাড-থাই প্যাড পরে নামতে হয়েছে ক্রিজে। দলের বিপর্যয়ে সেই দায়িত্বও বেশ ভালোভাবেই সামলেছেন তিনি। জাকের আলিকে সঙ্গে নিয়ে দিন শেষ করেছেন অবিচ্ছিন্ন জুটিতে। এখন দুজনের ব্যাটেই চতুর্থ দিনের সকালের আশা দেখছে বাংলাদেশ। ম্যাচ জিততে হলে কত রান দরকার, সেই হিসাবও দিয়েছেন নাইম।

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসের লিডসহ বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। সব মিলিয়ে এগিয়ে ১০৬ রানে। অথচ একসময় পরিস্থিতি ছিল ভয়াবহ। ক্যারিবীয় স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ৫৩ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। সেখান থেকে জাকের ও নাইমের প্রতিরোধে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৬ রান।

এর আগে দিনের প্রথম ভাগে বল হাতে দুর্দান্ত ছিলেন নাইম। তার ঘূর্ণিতে শেষ ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২৪৫ রানে। মাত্র ৩২ রানের মধ্যে ক্যারিবীয়দের শেষ পাঁচ ব্যাটারকে ফিরিয়ে ২৭ রানের লিড এনে দেন তিনি। ব্যক্তিগতভাবেও দিনটি স্মরণীয় করে রাখেন এই অফস্পিনার। টেস্টে নিজের ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করার পথে শিকার করেন ৪ উইকেট।

দিন শেষে সংবাদ সম্মেলনে জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন নাইম। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব (স্কোরবোর্ডে) যত বেশি রান দিতে পারি। এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি, আমরা যদি লম্বা খেলতে পারি, যত বেশি রান দেব, ততই আমাদের জন্য ভালো। ২০০ রান হলে খুবই ভালো হবে। চেষ্টা থাকবে আরও বেশি করার।’

তিনি আরও বলেন, ‘আমাদের উইকেট আছে, চেষ্টা করব যত বেশি পারি। যত বেশি রান করব, তত আমাদের জন্য ভালো। এখন কোনো ইয়ে (লক্ষ্য) নির্ধারণ না করি। আপনারা বিশ্বাস রাখেন, আমি আর জাকের ভাই যেন বড় খেলতে পারি।’