দ্রুততম ৫০ উইকেট শিকারে সবার উপরে নাইম
খেলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১৯:১৬
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্পিনারদের তালিকায় নতুন এক কীর্তি যোগ করলেন নাইম হাসান। বলের হিসাবে দেশের দ্রুততম স্পিনার হিসেবে ৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েন ডানহাতি অফস্পিনার।
শুক্রবার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শামার জোসেফকে ফিরিয়ে টেস্টে নিজের ৫০তম উইকেট পূর্ণ করেন নাইম। মাইলফলকে পৌঁছাতে তার লেগেছে মাত্র ২৮৫৬ বল। এর আগে বাংলাদেশের স্পিনারদের মধ্যে বলের হিসাবে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল মিরাজের। তাকে পেছনে ফেলে নতুন এই রেকর্ড নিজের করে নিলেন নাইম।
এদিন শুধু মাইলফলক ছুঁয়েই থামেননি এই স্পিনার। শামার জোসেফের পর জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলসকেও ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। সব মিলিয়ে ১০.৫ ওভারে ৩৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।
নাইমের ঘূর্ণিতে ভর করেই প্রথম ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। ব্যক্তিগত মাইলফলকের পাশাপাশি দলের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রেখে মিরপুর টেস্টের তৃতীয় দিনটি স্মরণীয় করে রাখলেন এই অফস্পিনার।