Advertisement
Us Bangla Airlines
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য আবেদন জমলো কত?

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য আবেদন জমলো কত?

খেলা ডেস্ক

০২ নভেম্বর ২০২৬, ২২:৫০

ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই মানেই বাড়তি উন্মাদনা। মাঠের লড়াই শুরুর আগেই সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আগামী ১০ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর সেই ম্যাচের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ৮৪ লাখ ক্রিকেটপ্রেমী!

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি টিকিট আবেদন। বিশ্বকাপের অন্য ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ যে কতটা তুঙ্গে, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট। 

তবে শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, পুরো বিশ্বকাপ ঘিরেই তৈরি হয়েছে অভাবনীয় উন্মাদনা। ১ নভেম্বর পর্যন্ত টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮ লাখ ৯ হাজার ৪৬৭টি। ১৯৩টি দেশের ২৮ লাখের বেশি ক্রিকেটপ্রেমী টিকিট কেনার জন্য নিবন্ধন করেছেন। ব্যালট প্রক্রিয়া শেষ হতে ২০ দিনেরও কম সময় বাকি।

সমর্থকদের আগ্রহের তালিকায় এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। আফ্রিকার দেশগুলো থেকেও এসেছে বিপুল সাড়া। সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াসহ মহাদেশটি থেকে জমা পড়েছে প্রায় দেড় কোটি আবেদন।

বিশ্বকাপের ৪১টি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যু। এসব ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে সাড়ে ১০ কোটির বেশি। শুধু দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো ঘিরেই আবেদন এসেছে প্রায় ২ কোটি ৬০ লাখ।

জিম্বাবুয়ের ম্যাচগুলোর জন্যও আগ্রহ কম নয়। দেশটির ম্যাচগুলো ঘিরে টিকিটের আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। এর মধ্যে ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৪ অক্টোবর ভারত ও জিম্বাবুয়ের ম্যাচের জন্য আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি।

নামিবিয়ার উইন্ডহুকের ক্রিকেট গ্রাউন্ডে ছয়টি ম্যাচের জন্য জমা পড়েছে ২০ লাখের বেশি আবেদন। এর মধ্যে ৮ অক্টোবর ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ৯ লাখ সমর্থক। ফাইনাল ম্যাচের টিকিটের জন্যও আগ্রহ তুঙ্গে। এই ম্যাচ ঘিরে আবেদন জমা পড়েছে প্রায় ৭৯ লাখ।