৩ বিশ্বচ্যাম্পিয়ন দলকে ছাড়িয়ে গেল আফগানিস্তান
খেলা ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ২০:৪০
আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের উত্থান যেন থামছেই না। একের পর এক সাফল্যে নিজেদের অবস্থান মজবুত করছে দলটি। এবার ওয়ানডে ক্রিকেটে পেছনে ফেলেছে তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে আফগানিস্তান।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েই এটি দলটির সর্বোচ্চ র্যাঙ্কিং। ২০০৯ সালে প্রথমবার ওয়ানডে ক্রিকেটে পা রাখা আফগানিস্তানের এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। মাত্র ১৭ বছরের ব্যবধানে দলটি জায়গা করে নিয়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ছয়ে। এর আগে টি-টুয়েন্টিতে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম এবং টেস্টে নবম।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে পড়ে গেছে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা রয়েছে সপ্তম, ইংল্যান্ড অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ দশম স্থানে। বাংলাদেশের অবস্থানও আফগানদের পেছনে, নবম। অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে এখন বাংলাদেশের চেয়েও এগিয়ে রশিদ খানের দল।
আফগানিস্তান ও শ্রীলঙ্কা, দুই দলেরই রেটিং পয়েন্ট ৯৪। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় ষষ্ঠ স্থানটি নিজেদের করে নিয়েছে আফগানরা। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ৬ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছে দলটি।
আফগানিস্তানের এই উত্থানের পেছনে রয়েছে ধারাবাহিক পারফরম্যান্স। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে আলোচনায় এসেছিল দলটি। এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে তাদের জয় ৯৬ ম্যাচে।
সাম্প্রতিক সময়েও সাফল্যের ধারায় ছেদ পড়েনি আফগানদের। আয়ারল্যান্ডকে ৪-০ ব্যবধানে সিরিজ হারানোর পর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। একসময় আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত হিসেবে বিবেচিত হওয়া আফগানিস্তান এখন বড় দলগুলোর জন্য কঠিন প্রতিপক্ষ।