Advertisement
Us Bangla Airlines
আফগান লিগে দল পেলেন ৩ বাংলাদেশি

আফগান লিগে দল পেলেন ৩ বাংলাদেশি

খেলা ডেস্ক

০৩ নভেম্বর ২০২৬, ১৮:৫৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন আসরের ড্রাফট থেকে দল পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন সাকিব ও নাহিদ রানা। সাকিবকে দলে নিয়েছে নাঙ্গাহার কসমিক, নাহিদকে নিয়েছে টিম পাকতিয়া। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী।

এপিএলের ড্রাফটে নিবন্ধন করেছিলেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে সাকিব ও নাহিদ দুজনই ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। সেখান থেকেই দুই দল নিজেদের স্কোয়াডে ভিড়িয়েছে এই দুই তারকাকে। গোল্ড ক্যাটাগরিতে থাকা শামীম পাটোয়ারীও দল পেয়েছেন। তাকে দলে নিয়েছে আকসেল ইউনাইটেড কাবুল।

নাঙ্গাহার কসমিকের আইকন ক্রিকেটার আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। অন্যদিকে, টিম পাকতিয়ার আইকন খেলোয়াড় রহমানউল্লাহ গুরবাজ। দলটির কোচিং প্যানেলেও রয়েছেন পরিচিত মুখ। প্রধান কোচের দায়িত্বে আছেন আজহার মাহমুদ, মেন্টর হিসেবে থাকছেন ওয়াকার ইউনিস। তাদের পরামর্শেই নাহিদকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে ছয়জনের নাম ছিল প্লাটিনাম ক্যাটাগরিতে। এই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনসহ ছয় ক্রিকেটার। ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও নাহিদ। এরই মধ্যে এই দুই ক্রিকেটারের দল পাওয়া নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের এপিএলে দল পাওয়ার সম্ভাবনা কম। কারণ, একই সময়ে তাদের বিগ ব্যাশে খেলার ব্যস্ততা রয়েছে। তবে লিটন দাস, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলামের মতো ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা না থাকায় তাদের খেলার সুযোগ তৈরি হতে পারে।

তবে দল পেলেই যে সবাই এপিএলে খেলতে পারবেন, তা নিশ্চিত নয়। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে ওয়ার্কলোড বিবেচনায় নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও ভবিষ্যৎ সূচি বিবেচনা করেই অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার সিদ্ধান্ত নেবে বোর্ড।