Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজের নামে টিকিট কিনলেই ৫০ শতাংশ মূল্যছাড়!

মোস্তাফিজের নামে টিকিট কিনলেই ৫০ শতাংশ মূল্যছাড়!

খেলা ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬, ১২:৫০

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে এবার শুধু বল হাতে নয়, মাঠের বাইরেও আলোচনায় মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির মঞ্চে নাম লেখানো বাংলাদেশের বাঁহাতি পেসারকে ঘিরে মেলবোর্নে বিশেষ আয়োজন করেছে তার নতুন দল মেলবোর্ন রেনেগেডস। প্রবাসী বাংলাদেশিদের জন্য থাকছে আলাদা গ্যালারি, সঙ্গে টিকিট কেনায় বড় ছাড়।

বিগ ব্যাশের ১৬তম আসরে রেনেগেডসের জার্সিতে খেলবেন মোস্তাফিজ। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত এই পেসার টি-টোয়েন্টি ক্রিকেটে ইতোমধ্যে ৪০০-এর বেশি উইকেট শিকার করেছেন। তার আগমনকে স্মরণীয় করে রাখতে মেলবোর্নের ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু এমসিজিতে চালু করা হচ্ছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।

আগামী ১ ও ১৬ জানুয়ারির ম্যাচে বাংলাদেশি সমর্থকদের জন্য থাকবে এই বিশেষ গ্যালারি। লাল-সবুজের সমর্থকদের এক জায়গায় জড়ো করে গ্যালারিতে উৎসবের আবহ তৈরি করাই রেনেগেডসের এই উদ্যোগের লক্ষ্য। শুধু বিশেষ গ্যালারিই নয়, টিকিট কেনাতেও থাকছে আকর্ষণীয় ছাড়।

‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ মূল্যছাড়। অর্থাৎ, মোস্তাফিজকে সমর্থন জানাতে মাঠে যাওয়ার সুযোগ মিলবে তুলনামূলক কম খরচে।

নিজের প্রথম বিগ ব্যাশ অভিযান নিয়েও উচ্ছ্বসিত মোস্তাফিজ। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে এবং ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার লক্ষ্য।

আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করে রেনেগেডস শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মোস্তাফিজের। কাটারের জাদুতে আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার ব্যাটারদের বোকা বানিয়েছেন তিনি। এবার সেই চেনা অস্ত্রের ঝলক দেখার অপেক্ষায় মেলবোর্নের ক্রিকেটপ্রেমীরা।