Advertisement
Us Bangla Airlines
বাদ জামাল, বাংলাদেশের নতুন অধিনায়ক তপু

বাদ জামাল, বাংলাদেশের নতুন অধিনায়ক তপু

খেলা ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬, ১৯:০৫

বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়ার উপস্থিতি অনেকটা নিয়মিত দৃশ্য। তবে এবার সাফ শুরুর আগের দিন সেই চিত্রে পরিবর্তন। কোচ থমাস ডুলির সঙ্গে সংবাদ সম্মেলনে এলেন তপু বর্মণ। শুধু উপস্থিতিই নয়, সাফের মিডিয়া ম্যানেজার জিগমে দর্জি তাকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক হিসেবে। পরে দলের মিডিয়া ম্যানেজার আমের খানও নিশ্চিত করেন, আগামীকাল ভুটানের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্ব করবেন তপু।

প্রায় এক দশক ধরে বাংলাদেশের অধিনায়কের আর্মব্যান্ড জামাল ভূঁইয়ার হাতে। তার অনুপস্থিতিতে আগে নেতৃত্ব দিয়েছেন সোহেল রানা ও তপু বর্মণ। এবার সাফে কি অধিনায়কত্বের দায়িত্বে স্থায়ী পরিবর্তন আসছে? কোচ ডুলি অবশ্য বিষয়টি স্পষ্ট করেননি। বলেছেন, ‘আমাদের দলে তিনজন রয়েছেন, যারা অধিনায়ক হতে পারেন। তপু আগেও অধিনায়কত্ব করেছে। সে অধিনায়ক হতেই পারে।’ তার মতে, ম্যাচভেদে অধিনায়ক পরিবর্তন হওয়াটা ফুটবলে স্বাভাবিক।

নেতৃত্বের দায়িত্ব পেয়ে আত্মবিশ্বাসী তপু। ২০১৮ সালের পর আবার ঢাকায় সাফ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্নও দেখছে দল। তপু বলেন, ‘নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি দলকে উজ্জীবিত করব।’ ২০০৩ সালে একবারই সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর সেই শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে চান দলের অভিজ্ঞ এই ডিফেন্ডার।

তবে টুর্নামেন্টের শুরুতেই বড় ভরসা হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। ফিফা উইন্ডোর পর দলের সঙ্গে যোগ দেওয়ায় ভুটান ম্যাচে খেলতে পারবেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় আসবেন হামজা। তার আগেই ভুটানকে হারিয়ে ভালো শুরু করতে চান তপু। তিনি বলেন, ‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজাকে সুন্দর ক্ষেত্র দিতে চাই, যেন সে আসার পর দলকে আরও সামনে এগিয়ে নিতে পারে।’

সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের কোচ হিসেবে অভিষেক হয়েছিল ডুলির। এবার ঢাকায় প্রথমবারের মতো দলের ডাগআউটে দাঁড়াবেন তিনি। আসিয়ান কাপের ব্যর্থতার পর সাফে প্রত্যাশার চাপও কম নয়। সেই চাপ সামলানো নিয়ে ডুলির সংক্ষিপ্ত মন্তব্য, ‘ফুটবল বিশ্বে চাপ থাকবেই।’ এখন দেখার বিষয়, অধিনায়কত্বে পরিবর্তন এনে নতুন শুরুর যে বার্তা বাংলাদেশ দিয়েছে, তার প্রতিফলন মাঠের পারফরম্যান্সে কতটা দেখা যায়।