Advertisement
Us Bangla Airlines
বিসিবিতে নতুন দায়িত্বে রাশনা ইমাম

বিসিবিতে নতুন দায়িত্বে রাশনা ইমাম

খেলা ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬, ২০:২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাশনা ইমাম। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্ত ও প্রতিরোধে গঠিত পাঁচ সদস্যের স্বাধীন কমিটির প্রধান করা হয়েছে তাকে। বিসিবির সদস্য না হয়েও নতুন দায়িত্বে ক্রিকেট বোর্ডে ফিরছেন তিনি।

এর আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটিতে নারী উইংয়ের প্রধান হিসেবে কাজ করেছিলেন রাশনা। এবার তার দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ। নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তা মোকাবিলায় স্বাধীন কমিটি গঠন করেছে বিসিবি।

এই কমিটিতে রাশনার সঙ্গে থাকছেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। পঞ্চম সদস্য হিসেবে যুক্ত হবেন একজন নারী সাবেক ক্রিকেটার। তার নাম এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য সদস্য হিসেবে আলোচনায় রয়েছে সালমা খাতুনের নাম।

বাংলাদেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ অবশ্য নতুন নয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এর আগে মঞ্জুর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিসিবি। অভিযুক্ত মঞ্জুকে নিষিদ্ধও করেছিল বোর্ড। তবে এবার নতুন করে আলোচনায় এসেছে নারী ক্রিকেটারদের হয়রানির বিস্তৃত চিত্র।

সম্প্রতি দ্য হুইসেলের এক প্রতিবেদনে বিসিবির বিভিন্ন দলের নির্বাচক ও কোচদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সামনে এসেছে। প্রতিবেদনে উঠে এসেছে, প্রলোভন ও নানা ফাঁদে ফেলে কীভাবে নারী ক্রিকেটারদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে হয়রানি প্রতিরোধে স্বাধীন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিসিবি।

নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এমন একটি কমিটি গঠনের দাবি ছিল। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাদের কথাটা বলতে পারবেন।’

নতুন কমিটির মূল লক্ষ্য, নারী ক্রিকেটাররা যেন কোনো ধরনের ভয়, সংকোচ কিংবা দ্বিধা ছাড়াই হয়রানির অভিযোগ জানাতে পারেন। অভিযোগ গ্রহণের পাশাপাশি তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের উদ্দেশ্য।