Advertisement
Us Bangla Airlines
বিগ ব্যাশের প্রথম ম্যাচে কেমন বোলিং করলেন রিশাদ

বিগ ব্যাশের প্রথম ম্যাচে কেমন বোলিং করলেন রিশাদ

খেলা ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭

বিগ ব্যাশ লিগের মঞ্চে প্রথমবার পা রেখেই নজর কাড়লেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের জার্সিতে বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডারের স্বপ্নের অভিষেক হয়েছে আজ। সিডনি থান্ডারের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন রিশাদ।

মঙ্গলবার টসে জিতে হোবার্ট হারিকেন্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তকে সার্থক করতে বড় ভূমিকা রাখেন রিশাদ। তিন ওভার হাত ঘুরিয়ে তিনি খরচ করেন মাত্র ১৮ রান, চাপে রাখেন থান্ডারের ব্যাটারদের। নিয়ন্ত্রিত লাইন-লেন্থ আর ঘূর্ণিতে বারবার থমকে দেন প্রতিপক্ষের রানগতি।

এই ম্যাচ দিয়ে বিগ ব্যাশে বাংলাদেশের দশ বছরের অপেক্ষারও অবসান ঘটালেন রিশাদ। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার ড্রাফট থেকে সরাসরি বিগ ব্যাশে দলে সুযোগ পাননি। সাকিব আল হাসান ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে বদলি ক্রিকেটার হিসেবে দুই মৌসুমে মোট ছয়টি ম্যাচ খেলেছিলেন।

গত আসরেই রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বিপিএলের সঙ্গে সূচির সংঘর্ষে সেবার মাঠে নামা হয়নি। এবার বিপিএল না খেলেই বিগ ব্যাশে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। দ্বিতীয়বার ড্রাফট থেকে সুযোগ পেয়ে অবশেষে স্বপ্নের অভিষেক হলো এই লেগস্পিনারের।

রিশাদকে দলে নেওয়ার ব্যাপারে শুরু থেকেই ইতিবাচক ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও হোবার্ট হারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজি রিকি পন্টিং। আগের মৌসুমে খেলাতে না পারার আক্ষেপ মেটাতেই এবার আবার তাকে দলে নেন পন্টিং। কোচিং স্টাফের অন্য সদস্যদের পাশাপাশি সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও রিশাদের প্রতিভা নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেছেন।

এমআই