দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ৪ ক্রিকেটার
খেলা ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫
খেলোয়াড় প্রভাবিত করা ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ভারতের চার ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। অভিযুক্ত চার ক্রিকেটার হলেন অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি। তারা আপাতত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বরখাস্ত থাকবেন।
এসিএ জানিয়েছে, সৈয়দ মুশতাক আলী ট্রফির চলমান আসরে কয়েকজন ক্রিকেটারকে টাকার বিনিময়ে প্রভাবিত ও উসকানি দেওয়ার চেষ্টা করেন ওই চারজন। অভিযোগ সামনে আসার পরই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় সংস্থাটি। নিষেধাজ্ঞার পাশাপাশি পুলিশের অপরাধ বিভাগে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট। একই সঙ্গে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন নিজ উদ্যোগেও ফৌজদারি কার্যক্রম শুরু করেছে।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আসামের লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত, লখনৌতে। এবারের আসরে দলটির সুপার লিগে ওঠা এখনও নিশ্চিত হয়নি। নিষিদ্ধ হওয়া চার ক্রিকেটার যেন কোনোভাবেই ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে না পারেন, সে জন্য রাজ্যের সব জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে এসিএ।
এ বিষয়ে এসিএ সেক্রেটারি সনাতন দাস বলেন, ‘অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট বিষয়টি তদন্ত করে। পাশাপাশি আমরা ফৌজদারি কার্যক্রম শুরু করেছি। প্রাথমিকভাবে চার ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ মিলেছে, যা ক্রিকেটের সততা ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে।’
ফিক্সিং ও দুর্নীতি রোধে বরাবরই কঠোর অবস্থানে বিসিসিআই। ভারতীয় দণ্ডবিধিতে আগে থেকেই ফিক্সিং অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। গত অক্টোবরে এটিকে আরও কঠোরভাবে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হয় বোর্ড। এরই ধারাবাহিকতায় রাজ্য ক্রিকেট সংস্থাগুলোতেও বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে।
এমআই