Advertisement
Us Bangla Airlines
জাকের নয়, নোয়াখালীর অধিনায়ক হচ্ছেন যিনি

জাকের নয়, নোয়াখালীর অধিনায়ক হচ্ছেন যিনি

খেলা ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১

বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে প্রথমবারের মতো মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে থেকেই চুপচাপ শক্তিশালী স্কোয়াড গড়ার চেষ্টা, নিলামের পর মিশ্র প্রতিক্রিয়া। সব মিলিয়ে নতুন দলটিকে ঘিরে উত্তেজনার কমতি নেই। এরই মাঝে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দলে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরেছে দুই পক্ষ, যেখানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক বজলুর রহমান রতনও। সেখানেই উঠে আসে আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন—নোয়াখালীর প্রথম বিপিএল অধিনায়ক কে? জাকের আলী অনিক দলে থাকলেও তাকে নিয়ে খুব একটা আগ্রহী নন ফ্র্যাঞ্চাইজি মালিক।

গত এশিয়া কাপে জাতীয় দলকে একাধিক ম্যাচ নেতৃত্ব দিয়েছেন জাকের আলী। এরপর আফগানিস্তান সিরিজে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে জাকেরের দল। এত সাফল্যের পরেও জাকেরের ওপর আস্থা নেই নোয়াখালীর। ফ্র্যাঞ্চাইজির মালিক সরাসরিই জানিয়ে দিয়েছেন, জাকের তার পছন্দের তালিকায় নেই।

বজলুর রহমান বলেন, ‘জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। আমি নবিকে বা কুশল মেন্ডিসকে বেশি প্রাধান্য দেব। আমাদের ম্যানেজমেন্ট আছে, চেষ্টা করব তাঁদেরই হাতে দায়িত্ব দেওয়ার। দুই-তিনটা অপশন আছে আমাদের। কোচ খালেদ মাহমুদ সুজন আছেন, উনার পরিকল্পনাও আমরা বিবেচনায় রাখব। সৌম্য সরকারও আছে।’

অর্থাৎ নোয়াখালী এক্সপ্রেস অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন বিদেশি তারকা মোহাম্মদ নবি কিংবা শ্রীলঙ্কান কুশল মেন্ডিস; সাথে আলোচনায় সৌম্য সরকারও।

এমআই