দুই তারকাকে দলে ভিড়িয়ে চমক দেখাল নোয়াখালী
খেলা ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ২০:১৯
নিলাম শেষ, তবুও চমকের ভাণ্ডার যেন থামছেই না নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের। বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিশ্চিত করল, দলে যুক্ত হচ্ছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। পাশাপাশি লঙ্কান ব্যাটার আভিস্কা ফার্নান্দোকেও দলে ভেড়াচ্ছে দলটি।
৪০ পেরোলেও এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একইভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন নবি। ব্যাট হাতে মারকুটে শট, আর বল হাতে কিপটে বোলিং—সব মিলিয়ে নোয়াখালীর টেম্পারেচার বাড়াতে তিনি সত্যিই হতে পারেন ‘ট্রাম্প কার্ড’। আগেও ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে খেলেছেন এ তারকা। সর্বশেষ মাঠ কাঁপিয়েছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে।
এবারের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর, সিলেটে। আর শুরু থেকেই আলোচনায় নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে দলে পায় তারা। এরপর ৩০ নভেম্বরের নিলামে পাওয়া পাকিস্তানি ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলী স্কোয়াডকে আরও শাণিত করে।
সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন নবি ও আভিস্কা। জাতীয় দলের ব্যস্ততার কারণে বিপিএলের শুরুতে কুশল মেন্ডিসকে পাওয়া যাবে না। এই শূন্যতা পূরণই আভিস্কার দায়িত্ব, এমনটিই জানিয়েছে নোয়াখালী কর্তৃপক্ষ।
অন্যদিকে সিলেট টাইটান্সও বসে নেই। তারাও সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছে, দলে যুক্ত হচ্ছেন পাকিস্তানি পেসার সালমান ইরশাদ। নিলামের আগে মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবকে দলে নেওয়া সিলেটের স্কোয়াডে নিলামের মাধ্যমে যুক্ত হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স। আর ইরশাদকে নিয়ে তাদের বিদেশি সংখ্যা দাঁড়াল পাঁচ।
এমআই