সাকিবের ১৭ বছরের সাধনা দেড় বছরেই ভাঙলেন তামিম
খেলা ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ২১:৫১
টি-টোয়েন্টি ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র দেড় বছর আগে, ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। এর মাঝেই খেলা হয়েছে মাত্র ৪৫ ম্যাচ। তাতেই বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ফিফটির মালিক হয়ে গেলেন এই বাঁহাতি ওপেনার।
চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ৪ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ফিফটি তুলে নেন তামিম। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি। তার সামনে এখন আছেন শুধু সাকিব আল হাসান (১৩) ও শীর্ষে থাকা লিটন দাস (১৬)। দুই তারকাকে ছাড়ানোর অপেক্ষায় এই তরুণ ওপেনার।
তবে অবিশ্বাস্য ব্যাপার হলো, যেখানে তামিম মাত্র দেড় বছরে ৪৫ ম্যাচ খেলে ১১টি ফিফটি করেছেন। সেখানে সাকিবকে এই পর্যায়ে পৌঁছাতে লেগেছে ১৭ বছর। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ১০৩তম ম্যাচে ১১তম ফিফটি করেছিলেন তিনি।
অন্যদিকে লিটন দাস নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৮৯তম ম্যাচে, ২০২৪ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে পৌঁছান ১১ ফিফটির মাইলফলকে।
তামিমের ব্যাট আজও ছিল আগ্রাসী। ৩৬ বলে ৫৫ রান করে দলের জয় নিশ্চিত করে দেন তিনি। তার ইনিংসের উপর ভর করে বাংলাদেশ ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তোলে। তিন ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় লিটন দাসের দল।
এমআই