Advertisement
Us Bangla Airlines
৬৭ বল হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

৬৭ বল হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

খেলা ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে বাংলাদেশের জয়-হারের পাল্লা চলছিল সমানতালে। এক ম্যাচ বাংলাদেশ জিতলে তো পরের ম্যাচ শ্রীলঙ্কা। তিন দিনের দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে উভয় দল। ওয়ানডের সিরিজের প্রথম দুই ম্যাচেও ১-১ জয় ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার। তবে শেষ ম্যাচে জয় তুলে সিরিজটা নিজেদের করে নিল টাইগাররা।

শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামে শুরুতে ব্যাট করতে নামে সফরকারী শ্রীলঙ্কা। টাইগার বোলার আতিকুর রহমান আকাশের আগুনে পুড়ে একেবারে ৪৫.১ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় দলটি। জবাবে ৩৮.৫ ওভার বা ৬৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। তাতে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও স্বাদ পেয়েছে তরুণ টাইগাররা।

এদিন ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম রান তোলার পরই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাকে ফেরেন ওপেনার নাইম। এরপর জারিফ–কাউসারের ৬৮ রানের জুটি ম্যাচের গতি বদলে দেয়। দলীয় ১১৪ রানে ৫১ বলে ৫১ করে আউট হন জারিফ। টানা দুই ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন তিনি।

জারিফের আউটের পর রাকিবুল হাসানও ৫ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন। পরে ম্যাচের হাল ধরেন লাল বলের অধিনায়ক আদৃত ঘোষ। ৭৭ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে জয় থেকে ১৩ রান দূরে থাকতে আদৃত আউট হয়ে ফিরলেও বাকি কাজ সেরে দেন আকাশ রয় ও জুনায়েদ হোসেন।

এর আগে শ্রীলঙ্কার ইনিংসে একাই লড়াই করেন সানুল ওয়েরারাতে। ৯১ বলের মিশ্র আক্রমণাত্মক ইনিংসে ৬ চার ও ২ ছয়ে করেন সর্বোচ্চ ৬৬ রান। হিরুন মাথিশা (৩৭), মিনুগা নেথসারা (২২) ও হিমারু দেশান (১৯) ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল যুবা টাইগাররা। প্রথম ম্যাচে ৭৮ রানের জয়ে দুর্দান্ত সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জারিফ সিয়াম ও অদৃত ঘোষের পরিপক্ব ব্যাটিংয়ে সিরিজের হাসি ফিরল স্বাগতিকদের মুখে।

এমআই