বিপিএলে খেলতে এনওসি পেল পাকিস্তানের ৯ ক্রিকেটার
খেলা ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের উৎসব নতুন কিছু নয়। আসন্ন বিপিএলে প্রতিটি দলেই রয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটার। তবে ২০২৬ সালের শুরুতে শ্রীলঙ্কা সিরিজ থাকায় পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা ওঠেছিল। তবে সব শঙ্কা কাটিয়ে বিপিএলে খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন পাকিস্তানের ৯ ক্রিকেটার।
পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ৯ ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরা হলেন–মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলী, আবরার আহমেদ, খাজা নাফে ও সালমান ইরশাদ।
বিপিএলে রাজশাহীতে নাওয়াজ, শাহিবজাদা, হুসাইন তালাত; রংপুরে ফাহিম আশরাফ, খাজা নাফে; নোয়াখালীতে ইহসানউল্লাহ, হায়দার আলী; চট্টগ্রামে আবরার আহমেদ ও সিলেটে সালমান ইরশাদ খেলবেন। পাকিস্তানের এই ৯ ক্রিকেটার সরাসরি চুক্তি ও নিলাম থেকে বিপিএলে সুযোগ পেয়েছেন।
জানা গেছে, বিপিএলে পুরো মৌসুম খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন এই ৯ ক্রিকেটার। তবে জাতীয় দল থেকে ডাক আসলে তারা বিপিএল ছেড়ে পাকিস্তানে পাড়ি জমাবেন।
এদিকে ৯ ক্রিকেটার অনাপত্তিপত্র পেলেও অপেক্ষায় আছেন আরও কিছু পাকিস্তানি। এদের মধ্যে সাইম আইয়ুব, উসমান খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ আমির, সুফিয়ান মুকিম, মোহাম্মদ আখলাক, জাহানদাদ খান উল্লেখযোগ্য। জানুয়ারিতে জাতীয় দলের খেলা থাকায় এদের সবাই এনওসি পাবেন কি না, তা নিয়েও রয়েছে শঙ্কা।
আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের দ্বাদশ আসর। ঠিক এই সময়টাতেই পাকিস্তানের রয়েছে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ। প্রথমে জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কা সফর, এরপর জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি সিরিজ অনুষ্ঠিত হবে।
এমআই