Advertisement
Us Bangla Airlines
এত ছক্কা আগে মারেনি বিশ্বের কোনো ব্যাটার!

এত ছক্কা আগে মারেনি বিশ্বের কোনো ব্যাটার!

খেলা ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৫, ২১:১২

দুবাইয়ের আকাশে আজ যেন একাই আতশবাজির প্রদর্শনী করলেন বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের এই ওপেনারের ব্যাট থেকে ঝরে পড়ল রেকর্ডের বন্যা, ছক্কার তাণ্ডবে ওলট-পালট হলো রেকর্ডবইও। মাত্র ৯৫ বলে ১৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলতে মেরেছেন ১৪টি ছক্কা!

দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে আজ (শুক্রবার) বৈভবের শুরুটা ছিল আগ্রাসনের, শেষটাও আগুনঝরা। মাত্র ৩০ বলে পৌঁছে যান ফিফটিতে, যার ৪০ রানই চার-ছক্কা থেকে। এরপর সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৫৬ বলে। পরের ৫০ রান তুলতে লেগেছে শুধু ২৬ বল।

আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ভারতীয় হিসেবে পরিচিত সূর্যবংশী আজ গড়েছেন একাধিক রেকর্ড। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এটি তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস, যেখানে আগের রেকর্ড ছিল ১৪৩। সব মিলিয়ে এটি যুব ওয়ানডের নবম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তালিকার শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন শালকায়ক (২১৫)।

তবে সবচেয়ে বড় রেকর্ড এসেছে ছক্কায়। ১৭১ রানের ইনিংস খেলতে হাঁকিয়েছেন ১৪টি ছক্কা! যুব ওয়ানডের ইতিহাসে এত ছক্কা আগে হাঁকায়নি কোনো ব্যাটার। এর আগে ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাইকেল হিল সর্বোচ্চ ১২ ছক্কা মেরেছিলেন। আজ সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় বসেছেন সূর্যবংশী।

ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে তাঁর ১৭১ এখন দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। শীর্ষে আছেন আম্বাতি রাইড়ু (১৭৭)। এই দিনে ভারতীয় ব্যাটিংও ছুটেছে ঝড়ের গতিতে। ৪৩৩ রান ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে দলীয় তৃতীয় ও ভারতের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ৪৩৬ তুলেছিল নিউজিল্যান্ড (২০১৮) ও রেকর্ড ৪৮০ তুলেছিল অস্ট্রেলিয়া (২০০২)।

এমআই