Advertisement
Us Bangla Airlines
বিপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন যে ১০ ক্রিকেটার

বিপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন যে ১০ ক্রিকেটার

খেলা ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫, ২০:১৫

দরজায় কড়া নাড়ছে বিপিএলের ১২তম আসর। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের মতো ফিরেছে নিলাম পদ্ধতি, আর সেই নিলামেই তৈরি হয়েছে নতুন আলোচনা। চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকা খরচ করে দলে টেনেছে জাতীয় দলের ওপেনার নাঈম শেখকে। তাতেই প্রশ্ন ওঠেছে, নাঈম কি বিপিএলের সর্বোচ্চ ১০ দামি ক্রিকেটারের একজন?

উত্তর জানলে নাঈম শেখও আশাহত হবেন। কারণ, বিপিএলের ইতিহাসে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামের সাইনিং সাকিব আল হাসানের। ২০১৩ সালের আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স তাঁকে দলে ভেড়ায় ২ কোটি ৯২ লাখ টাকায়। টুর্নামেন্টের দীর্ঘ এক দশকের পথচলায় কোনো দেশি ক্রিকেটার আর ছুঁতে পারেননি এই অঙ্ককে।

২০১২ সালের প্রথম আসরে ছয়জন আইকন ক্রিকেটারের পারিশ্রমিক ছিল ২ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি টাকার হিসাবে প্রায় ১ কোটি ৬৮ লাখ। আইকন তালিকায় ছিলেন শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও অলক কাপালি।

২০১৩ সালের নিলামে আবারও আলোচনার কেন্দ্রে ছিলেন নাসির হোসেন। রংপুর রাইডার্স তাঁকে দলে ভেড়ায় ২ লাখ ৮ হাজার ১৩৭ ডলারে, যা টাকার অঙ্ক দাঁড়ায় ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ৯৬০। ফলে তালিকার অষ্টম স্থানে জায়গা করে নেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার।

সেই একই আসরে সিলেট রয়্যালস মুশফিকুর রহিমকে দলে নেয় ২ লাখ ৫ হাজার ডলারে। তৎকালীন টাকায় যার মূল্য ছিল প্রায় ১ কোটি ৬৪ লাখ। সেরা দশ সাইনিংয়ের তালিকায় নবম স্থানে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

দশ নম্বরে রয়েছেন আবারও নাসির হোসেন। ২০১২ সালের বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলস তাঁকে দলে নেয় ২ লাখ ডলার খরচ করে, যা দেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। প্রথম দুই আসরেই তাই দেশি তালিকায় জায়গা ধরে রেখেছিলেন তিনি।

বিপিএলের নতুন আসর সামনে রেখে দলগুলো আবারো স্কোয়াড সাজাতে ব্যস্ত। নাঈম শেখের মতো তরুণদের উচ্চমূল্য প্রমাণ করছে—ঘরোয়া ক্রিকেটেও বদলাচ্ছে বাজারমূল্য, বাড়ছে প্রতিযোগিতা। তবে ইতিহাসের পাতায় এখনো সাকিবই শীর্ষে, আর ২০১২-১৩ সালের সেই সোনালি অঙ্কগুলোকেও ছুঁতে পারেনি নতুন কোনো বিড।

একনজরে বিপিএলের দামি ১০ ক্রিকেটার

ক্রিকেটার আসর দল বাংলাদেশি মূল্য
সাকিব আল হাসান ২০১৩ ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২ কোটি ৯২ লাখ টাকা
শাহরিয়ার নাফীস (আইকন) ২০১২ বরিশাল বার্নার্স ১ কোটি ৬৮ লাখ টাকা
তামিম ইকবাল (আইকন) ২০১২ চিটাগং কিংস ১ কোটি ৬৮ লাখ টাকা
মোহাম্মদ আশরাফুল (আইকন) ২০১২ ঢাকা গ্ল্যাডিয়েটর্স ১ কোটি ৬৮ লাখ টাকা
সাকিব আল হাসান (আইকন) ২০১২ খুলনা রয়েল বেঙ্গলস ১ কোটি ৬৮ লাখ টাকা
মুশফিকুর রহিম (আইকন) ২০১২ দুরন্ত রাজশাহী ১ কোটি ৬৮ লাখ টাকা
অলক কাপালি (আইকন) ২০১২ সিলেট রয়্যালস ১ কোটি ৬৮ লাখ টাকা
নাসির হোসেন ২০১৩ রংপুর রাইডার্স ১ কোটি ৬৬ লাখ টাকা
মুশফিকুর রহিম ২০১৩ সিলেট রয়্যালস ১ কোটি ৬৪ লাখ টাকা
নাসির হোসেন ২০১২ খুলনা রয়েল বেঙ্গলস ১ কোটি ৬০ লাখ টাকা

এমআই