হার দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
খেলা ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ২০:২১
শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু হলো বড় ধাক্কায়। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে চরম ব্যর্থতায় ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানেই গুটিয়ে গেছে ২০২৪ সালের চ্যাম্পিয়নরা। ফলে টুর্নামেন্টের শুরুতেই কঠিন বাস্তবতার মুখে পড়েছে ফরিদ হাসানের দল।
ওমানের আল আমেরাতে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুতে বাংলাদেশের পেসারদের সামলে রান তুলতে থাকলেও মাঝের ওভারে কিছুটা চাপে পড়ে তারা। পাওয়ার প্লের শেষ দিকে পরপর দুই বলে আবিদউল্লাহ নাদারজান ও নোমার সালারজাইকে ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ।
তবে পঞ্চম উইকেটে শাহ ফয়সাল রাহিমি ও তাহির সারওয়ারির ৬১ রানের জুটি সেই ধাক্কা সামাল দেয়। একবার জীবন পেয়ে সারওয়ারি ৪৩ বলে ৩৭ রান করেন। অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে ইনিংসের ভিত গড়ে দেন রাহিমি। সতীর্থদের ছোট ছোট অবদানে এগিয়ে চলে আফগানদের ইনিংস।
শেষ পর্যন্ত অষ্টম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে ৯৭ বলে ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন রাহিমি। তার ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৩১ রানের পুঁজি গড়ে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অভিষিক্ত পেসার তাফিউল আলম তামিম। চারটি উইকেট শিকার করেন তিনি। দুটি উইকেট পান অফ স্পিনার অনিক। এ ছাড়া রিজন ও শেখ আতিকুর রহমান নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দিশেহারা বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ওভারে আমির হামজার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আবদুল্লাহ আল মুহি। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে দল। পাওয়ার প্লের মধ্যেই সাজঘরে ফেরেন আলআমিন হোসেন রনি, আহসান আল মুমিন, অধিনায়ক ফরিদ হাসান ও আল রাফি।
একাদশ ওভারের প্রথম বলে রকিবুল হোসেনের বিদায়ে ৪১ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ম্যাচে ফেরার চেষ্টা করেন ওপেনার জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক। সপ্তম উইকেটে দুজনের ৫৫ রানের জুটি কিছুটা আশা জাগালেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
৫৮ বলে ৪১ রান করে সিয়াম এবং ৪৭ বলে ৩৩ রান করে অনিক ফিরলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ দিকে রুবাই ইসলাম রিজনের ১৪ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস শুধু পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছে। শেষ পর্যন্ত ১১৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
আফগানিস্তানের হয়ে বল হাতে সমান তিনটি করে উইকেট নিয়েছেন নুর আলি নিয়াজাই, আমির হামজা ও সামিউল্লাহ মুবারেজ।